এক্সপ্লেইনার

এনভিডিয়ার সিইও পদে জেনসেনের ফিরে আসাকে কেন উদযাপন করছে ইসরাইল

এনভিডিয়ার সিইও পদে জেনসেনের ফিরে আসাকে কেন উদযাপন করছে ইসরাইল
বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। ছবি: সংগৃহীত

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে ইসরাইল। যুক্তরাষ্ট্রের বাইরে এনভিডিয়ার সবচেয়ে বড় কার্যক্রম পরিচালিত হয় দেশটিতে। প্রতিষ্ঠানটির গবেষণা, প্রযুক্তি উন্নয়ন, কর্মসংস্থান ও কর রাজস্বের সঙ্গে ইসরাইলের অর্থনীতি গভীরভাবে জড়িয়ে আছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, শুধু এনভিডিয়ার কার্যক্রমের কারণে ২০২৬ সালে ইসরাইলের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিতে ২ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট যোগ হতে পারে। এ কারণে হুয়াংয়ের পদত্যাগের পর তার প্রত্যাবর্তনকে ইসরাইলের অর্থনীতি ও প্রযুক্তি খাতের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

হুয়াং একসময় ইসরাইলকে এনভিডিয়ার ‘দ্বিতীয় বাড়ি’ বলে অভিহিত করেছিলেন। তার প্রত্যাবর্তনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসরাইলের প্রযুক্তি খাতের সঙ্গে এনভিডিয়ার অংশীদারত্ব প্রতিষ্ঠানটির পাশাপাশি দেশটির উদ্ভাবননির্ভর অর্থনীতির জন্যও বিপুল মূল্য তৈরি করেছে।

নেতানিয়াহু আরো বলেন, এনভিডিয়ার নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকা এই অংশীদারত্ব এবং বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পের জন্য সুখবর। সোমবার হুয়াংকে প্রতিষ্ঠানটির সিইও ও প্রেসিডেন্ট পদে পুনর্বহালের পর তিনি এ প্রতিক্রিয়া জানান।

হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্ক, চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্কের অভিযোগ এবং তার পদত্যাগের সম্ভাব্য প্রভাব নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের প্রতিযোগিতায় এনভিডিয়ার ভূমিকার বিষয়টিও আলোচনায় এসেছে। তবে সহপ্রতিষ্ঠিত কোম্পানিটিতে হুয়াংয়ের প্রত্যাবর্তনে বিনিয়োগকারীদের উদ্বেগ অনেকটাই কমেছে। সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম এক দিনেই ৩০ শতাংশ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের বাইরে এনভিডিয়ার কার্যক্রমের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল দেশগুলোর একটি ইসরাইল। দেশটিতে প্রতিষ্ঠানটির বৃহত্তম বিদেশি কার্যক্রম পরিচালিত হয়। ফলে হুয়াংয়ের পদত্যাগের খবরে ইসরাইলের অর্থনৈতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছিল।

ইসরাইলের অর্থনীতিতে এনভিডিয়ার প্রভাব

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক এনভিডিয়া বিশ্বের সবচেয়ে মূল্যবান সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী চিপ নির্মাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ৪ ট্রিলিয়ন ডলার। আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিকাশে প্রতিষ্ঠানটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্ববাজারে গ্রাফিকস প্রসেসিং ইউনিটের (জিপিইউ) প্রায় ৯০ শতাংশের কাছাকাছি নিয়ন্ত্রণ রয়েছে এনভিডিয়ার হাতে। এ বিশেষায়িত প্রসেসরগুলো এআই ডেটা সেন্টারে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণের কাজে ব্যবহৃত হয়।

যুক্তরাষ্ট্রের বাইরে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের সবচেয়ে বড় কেন্দ্র গড়ে তুলেছে ইসরাইলে। গত তিন বছরে দেশটিতে এনভিডিয়ার কর্মীর সংখ্যা দ্বিগুণ হয়ে প্রায় ৬ হাজারে দাঁড়িয়েছে। সাতটি গবেষণা ও উন্নয়নকেন্দ্রে এসব কর্মী কাজ করছেন। কেন্দ্রগুলো ইয়োকনিয়াম, তেল আবিব, জেরুজালেম, রা'আনানা ও বেয়ারশেভায় অবস্থিত।

এ ছাড়া হাইফার কাছে কিরিয়াত তিভোনে বড় একটি গবেষণা ও উন্নয়ন ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। সেখানে সর্বোচ্চ ১০ হাজার কর্মীর কাজ করার সুযোগ থাকবে।

ইসরাইলের অর্থনীতিতে এনভিডিয়ার অবদান কতটা গুরুত্বপূর্ণ, তা উঠে এসেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসাবেও। ব্যাংকটির পূর্বাভাস অনুযায়ী, শুধু এনভিডিয়ার কার্যক্রমের কারণে ২০২৬ সালে ইসরাইলের জিডিপি প্রবৃদ্ধিতে ২ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট যোগ হবে। এতে দেশটির প্রবৃদ্ধির হার দাঁড়াবে ৫ দশমিক ৬ শতাংশে। এনভিডিয়ার অবদান বাদ দিলে প্রবৃদ্ধি হতো ৩ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ প্রতিষ্ঠানটির কার্যক্রমের কারণে প্রবৃদ্ধির হার ৪০ শতাংশ বেশি হবে।

২০২৭ সালে ইসরাইলের জিডিপি প্রবৃদ্ধিতে এনভিডিয়ার অবদান আরো ২ দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সরকারি রাজস্বেও প্রতিষ্ঠানটির অবদান উল্লেখযোগ্য। এনভিডিয়ার বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে শেষ হওয়া তাদের অর্থবছরে ইসরাইল সরকারকে প্রায় ১২৯ কোটি ডলার কর দিয়েছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন হিসাব অনুযায়ী, ২০২৬ সালে ইসরাইলের মোট সরকারি কর রাজস্বের প্রায় ৩ শতাংশ আসতে পারে এনভিডিয়ার কাছ থেকে।

হুয়াংয়ের পদত্যাগে উদ্বিগ্ন ছিল ইসরাইল

গত ১২ নভেম্বর হুয়াংয়ের পদত্যাগের খবর প্রকাশিত হলে তেল আবিব স্টক এক্সচেঞ্জে (টিএএসই) বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। ঘোষণার পর দেশটির প্রধান শেয়ারবাজার সূচকগুলোতে দরপতন হয়।

তবে দিনের শেষ দিকে বাজার ঘুরে দাঁড়ায়। লেনদেন শেষে টিএ-৩৫ সূচক দশমিক ২২ শতাংশ বেড়ে যায়। বিস্তৃত বাজারের টিএ-১২৫ সূচক বাড়ে দশমিক শূন্য ৭ শতাংশ। তবে প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ার নিয়ে গঠিত ব্লুটেক গ্লোবাল সূচক দশমিক ১৫ শতাংশ কমে যায়।

ইসরাইলের সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, এনভিডিয়ার অভ্যন্তরীণ অস্থিরতা এবং বিশেষ করে হুয়াংয়ের পদত্যাগের সম্ভাব্য প্রভাব নিয়ে দেশটির অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উদ্বিগ্ন ছিলেন।

সোমবার হুয়াংয়ের প্রত্যাবর্তনে অভিনন্দন জানান ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এনভিডিয়া ও ইসরাইলের সম্পর্ক জোরদারে হুয়াংয়ের অব্যাহত সমর্থনের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

হারজগের কার্যালয়ের ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্টের বার্তায় আবেগাপ্লুত হয়েছেন হুয়াং। দ্বিতীয় সুযোগ পাওয়ায় তিনি এর সর্বোচ্চ সদ্ব্যবহার করতে চান বলেও জানিয়েছেন।

এনভিডিয়ার প্রযুক্তি উন্নয়নেও ইসরাইলের অবদান

এনভিডিয়ার সঙ্গে ইসরাইলের সম্পর্ক শুধু বিনিয়োগ ও কর্মসংস্থানের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও চিপ তৈরিতেও দেশটির বড় ভূমিকা রয়েছে।

এনভিডিয়া আগে থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার কাজের চাপ সামলানোর জন্য শক্তিশালী জিপিইউ তৈরি করত। তবে একটি জিপিইউ দিয়ে এ ধরনের বিপুল কাজ সম্পন্ন করা সম্ভব নয়। এ জন্য একাধিক জিপিইউর মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদান প্রয়োজন হয়।

ইসরাইলি প্রতিষ্ঠান মেলানক্স এমন নেটওয়ার্ক অবকাঠামো তৈরি করেছিল, যার মাধ্যমে একাধিক জিপিইউ দ্রুতগতিতে একসঙ্গে কাজ করতে পারে। এ প্রযুক্তি ডেটা সেন্টারের মৌলিক অবকাঠামো তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে এনভিডিয়া মেলানক্সকে নিজেদের সঙ্গে যুক্ত করে।

মেলানক্সকে কেন্দ্র করে গড়ে ওঠা এনভিডিয়ার নেটওয়ার্কিং ব্যবসা ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ২ হাজার ১০০ কোটি ডলারের বেশি আয় করেছে। প্রতিষ্ঠানটির ওই প্রান্তিকের মোট আয়ের প্রায় ১৮ শতাংশ এসেছে এ খাত থেকে।

গত জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) এনভিডিয়ার গুরুত্বপূর্ণ চিপ তৈরিতে ইসরাইলের ভূমিকার কথা তুলে ধরেন হুয়াং। তিনি বলেন, এনভিডিয়ার ব্লুফিল্ড-৪ ডিপিইউ এবং নেটওয়ার্কিংয়ের তিনটি উপাদান—কানেক্টএক্স-৯ সুপারনিক, এনভিলিংক-৬ সুইচ ও স্পেকট্রাম-৬ ইথারনেট সুইচ—সবই ইসরাইলে তৈরি হয়েছে। অর্থাৎ ছয়টি চিপের মধ্যে চারটিই এসেছে ইসরাইল থেকে।

ইসরাইলে কর্মরত কর্মীদের প্রশংসা করে হুয়াং বলেন, ‘এটি সত্যিই অসাধারণ। হয়তো পরেরবার ছয়টির ছয়টিই ইসরাইল থেকে আসবে।’

এনভিডিয়ার গুরুত্বপূর্ণ প্রযুক্তি তৈরিতে ইসরাইলের এই ভূমিকা দেশটির সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্কের গভীরতা তুলে ধরে। তাই হুয়াংয়ের নেতৃত্বে প্রত্যাবর্তনকে শুধু একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবর্তন হিসেবে দেখছে না ইসরাইল। দেশটির অর্থনীতি, কর্মসংস্থান, সরকারি রাজস্ব ও প্রযুক্তি খাতের ভবিষ্যতের সঙ্গেও বিষয়টি জড়িয়ে রয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...