মার্কিন স্ট্রাইকার ব্যালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করায় ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

মার্কিন স্ট্রাইকার ব্যালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করায় ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন ব্যালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করায় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফার এই নাটকীয় সিদ্ধান্তের ফলে বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের এই তারকা ফুটবলার আগামী সোমবার বেলজিয়ামের বিপক্ষে শেষ ১৬-র হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামতে পারবেন।

গত রবিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন:

বিজ্ঞাপন

‘‘সঠিক কাজটি করার এবং একটি বড় অবিচারের সিদ্ধান্ত বদলে দেওয়ার জন্য ফিফাকে ধন্যবাদ!’’

লাল কার্ড বিতর্ক ও ফিফার নজিরবিহীন সিদ্ধান্ত

রাউন্ড অব ৩২-এর ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে ডিফেন্ডার তারিক মুহারোমোভিচের পায়ে পা দেওয়ায় ভিএআর রিভিউয়ের পর ব্যালোগানকে সরাসরি লাল কার্ড দেখানো হয়েছিল। ফিফার নিয়ম অনুযায়ী, সরাসরি লাল কার্ডের জন্য স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রযোজ্য হয়, যার বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ থাকে না।

তবে রোববার এক বিস্ময়কর সিদ্ধান্তে ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানায়, ব্যালোগানের এই নিষেধাজ্ঞা আগামী এক বছরের জন্য স্থগিত করা হলো। যদিও এই সিদ্ধান্তের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা করেনি ফিফা।

ফিফার এক বিবৃতিতে বলা হয়, ‘‘ডিসিপ্লিনারি কোডের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী, এই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের প্রবেশন পিরিয়ডের জন্য স্থগিত করা হলো। এই সময়ের মধ্যে ব্যালোগান যদি একই ধরনের কোনো অপরাধ করেন, তবে এই স্থগিতাদেশ বাতিল করে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।’’

উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই লাল কার্ড প্রত্যাহারের আহ্বান জানানোর পরই ফিফার পক্ষ থেকে এমন সিদ্ধান্ত আসে। এর আগে এই বিশ্বকাপের বাছাইপর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে কনুই দিয়ে আঘাত করে লাল কার্ড পাওয়া পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর তিন ম্যাচের নিষেধাজ্ঞার দুটি ম্যাচ এভাবেই স্থগিত করেছিল ফিফা।

স্বস্তিতে কোচ পচেত্তিনো ও মার্কিন শিবির

চলতি বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোলসহ মার্কিনদের হয়ে ইতিমধ্যে ৩টি গোল করেছেন ব্যালোগান। সিয়াটলে বেলজিয়ামের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তার দলে থাকা যুক্তরাষ্ট্রের জন্য বিশাল বড় স্বস্তি।

যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো শুরু থেকেই দাবি করে আসছিলেন যে, ব্যালোগান বল দখলের লড়াই করছিলেন এবং সেটি কোনো ইচ্ছাকৃত ফাউল ছিল না। তাই একে কোনোভাবেই লাল কার্ড বলা যায় না।

ফিফার এই আকস্মিক সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন অধিনায়ক ক্রিশ্চিয়ান পুলিসিক। সিয়াটলে অনুশীলন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘অবশ্যই এই সিদ্ধান্ত আমাদের দলের আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে দিয়েছে।’’ ইউএস সকার ফেডারেশনও এক বিবৃতিতে ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এখন পুরোপুরি বেলজিয়াম ম্যাচের দিকে মনোযোগ দেওয়ার কথা জানিয়েছে।

সূত্র: এএফপি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন