যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক স্থাপনা নিয়ে আলোচনার খবর ‘সত্য নয়’: চীন

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক স্থাপনা নিয়ে আলোচনার খবর ‘সত্য নয়’: চীন
ছবি: সংগৃহীত।

পারমাণবিক স্থাপনা পরিদর্শন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর অস্বীকার করেছে চীন। আগামী কয়েক মাসে এ বিষয়ে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর বেইজিং এ অবস্থান জানাল। খবর আনাদোলুর।

বিজ্ঞাপন

শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘সংশ্লিষ্ট প্রতিবেদনটি সত্য নয়।’

এর আগে বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, পারস্পরিকভাবে দুই দেশের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও চীন।

সিএনএনের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রাথমিক আলোচনায় যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের গবেষণাগার এবং চীনের সমপর্যায়ের গবেষণাকেন্দ্র পরিদর্শনের বিষয়টি উঠে আসে। পাশাপাশি দুই দেশের পারমাণবিক পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সুযোগ নিয়েও আলোচনা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের (এসআইপিআরআই) জুন মাসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত চীনের কাছে আনুমানিক ৬২০টি পারমাণবিক ওয়ারহেড ছিল। অন্যদিকে, বাতিল করা ওয়ারহেডসহ যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ হাজারের বেশি ওয়ারহেড রয়েছে।

এসআইপিআরআইয়ের হিসাব অনুযায়ী, বিশ্বের নয়টি পারমাণবিক অস্ত্রধারী দেশের কাছে মোট আনুমানিক ১২ হাজার ১৮৭টি ওয়ারহেড রয়েছে। এর মধ্যে ভারতের কাছে ১৯০টি, পাকিস্তানের কাছে ১৭০টি, ইসরায়েলের কাছে ৯০টি এবং উত্তর কোরিয়ার কাছে ৬০টি রয়েছে। বিশ্বের মোট পারমাণবিক ওয়ারহেডের প্রায় ৮৬ শতাংশই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে।

সংস্থাটি জানিয়েছে, অন্য যেকোনো দেশের তুলনায় দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে চীন। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও রাশিয়াও তাদের পারমাণবিক অস্ত্রভান্ডারের ব্যাপক আধুনিকায়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র হ্রাসসংক্রান্ত ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...