পূর্বধলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

পূর্বধলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

নেত্রকোণার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশাচালক শামছু শেখ (৫২) গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার রাত আনুমানিক ৯টার দিকে হোগলা-পূর্বধলা সড়কের হোগলা বাজার সংলগ্ন নাজিম খার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গণেশ চন্দ্র সরকার (৫৫) উপজেলার হোগলা ইউনিয়নের সোহাগী ডহর গ্রামের নিখিল চন্দ্র সরকারের ছেলে। অন্যদিকে আহত শামছু শেখ একই এলাকার জামিরাকান্দা গ্রামের জালাল শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গণেশ চন্দ্র সরকার ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। সোমবার রাতে তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে হোগলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যানবাহনের চালকই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গণেশকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশাচালক শামছু শেখের শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। কোনো আপত্তি না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন