কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটির বিভিন্ন এলাকা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৭.৪ বলে জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) সকাল ৭টা ৩৪ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল চোকো বিভাগের সান হোসে দেল পালমার শহর থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৭ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
অন্যদিকে, মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা ভূমিকম্পটির মাত্রা ৭.১ বলে উল্লেখ করেছে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। শক্তিশালী এই কম্পন কলম্বিয়ার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি দেশটির বাইরে ভেনেজুয়েলা সীমান্তবর্তী এলাকাতেও অনুভূত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
চোকো বিভাগের গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা-কুরি জানান, ভূমিকম্পের প্রভাবে বিভাগের রাজধানী কিবদোতে কয়েকজন আহত হয়েছেন। শহরটিতে বেশ কিছু স্থায়ী অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানান গভর্নর। একই সঙ্গে সম্ভাব্য পরবর্তী কম্পন বা আফটারশকের ব্যাপারেও বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
ভূমিকম্পের ঝুঁকির দিক থেকে কলম্বিয়া দক্ষিণ আমেরিকার অন্যতম সংবেদনশীল দেশ। একাধিক টেকটোনিক প্লেটের সংযোগস্থল ও সক্রিয় ফল্ট লাইনের কাছাকাছি অবস্থানের কারণে দেশটিতে নিয়মিতই ভূমিকম্পের ঘটনা ঘটে। কলম্বিয়ান জিওলজিক্যাল সার্ভিসের হিসাব অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত শতাধিক বড় ধরনের ধ্বংসাত্মক ভূমিকম্পের রেকর্ড রয়েছে।
দেশটির আন্দিয়ান অঞ্চল, ইস্টার্ন কর্ডিলেরার পূর্ব পাদদেশ এবং প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকাগুলো বিশেষভাবে ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত।
এর আগেও কলম্বিয়ায় বড় ধরনের ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১৯৭৯ সালে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তুমাকো শহরের কাছাকাছি ৮.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


