মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত মেজর নিদাল মালিক হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে।

বৃহস্পতিবার সংবাদমাধ্যম রিয়েল আমেরিকাস ভয়েসকে দেওয়া এক সাক্ষাৎকারে হেগসেথ একথা জানান। ফায়ারিং স্কোয়াডে হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

বিজ্ঞাপন

হেগসেথ এ সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে একে ‘নিঃসন্দেহে সঠিক সিদ্ধান্ত’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, ‘মানুষ যাতে এটি দেখতে পারে, আমরা তা নিশ্চিত করব। এটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। কারণ, এ ধরনের কর্মকাণ্ডের গুরুতর পরিণতি রয়েছে-মানুষের তা বোঝা প্রয়োজন।’

হেগসেথ আরো জানান, ৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টায় ফোর্ট হুডে হাসানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ২০০৯ সালে ওই সময়েই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল। বাংলাদেশ সময় অনুযায়ী, নির্ধারিত সময়টি হবে ৪ ডিসেম্বর রাত ১টা।

প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি।

নিদাল মালিক হাসান ছিলেন মেজর পদমর্যাদায় মার্কিন সেনাবাহিনীর একজন মনোরোগ চিকিৎসক। ২০০৯ সালের ৫ নভেম্বর ফোর্ট হুড সামরিক ঘাঁটির একটি চিকিৎসাকেন্দ্রে তিনি গুলি চালান। এতে ১৩ জন নিহত এবং ৩২ জন আহত হন। নিহতদের মধ্যে ১২ জন সক্রিয় সেনাসদস্য ও একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন।

পরে তিনি দাবি করেন, মুসলিম দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রতিশোধ নিতেই তিনি ওই হামলা চালিয়েছিলেন।

সূত্র: আল জাজিরা

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন