যুক্তরাষ্ট্রে পরিচালিত একটি নতুন জনমত জরিপে দেখা গেছে, অধিকাংশ নাগরিক ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সিদ্ধান্তকে ভুল বলে মনে করছেন।
ওয়াশিংটন পোস্টের প্রকাশিত ওই জরিপ অনুযায়ী, ৬১ শতাংশ উত্তরদাতা বলেছেন যে ইরানে সামরিক অভিযান শুরু করা একটি ভুল সিদ্ধান্ত ছিল। অন্যদিকে ৩৬ শতাংশ মনে করেন এটি সঠিক পদক্ষেপ ছিল।
জরিপে আরও উঠে এসেছে, ২০২৫ সালের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথভাবে শুরু করা এই যুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার ব্যয়েও।
মূল্যবৃদ্ধির কারণে মানুষের আচরণেও পরিবর্তন এসেছে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। প্রায় ৪৪ শতাংশ মানুষ বলেছেন তারা গাড়ি চালানো কমিয়ে দিয়েছেন, আর ৪২ শতাংশ বলেছেন তারা দৈনন্দিন খরচ কমিয়েছেন। কম আয়ের (বার্ষিক ৫০ হাজার ডলারের কম) মানুষের মধ্যে এই হার আরও বেশি—যথাক্রমে ৫৬ শতাংশ ও ৫৯ শতাংশ।
এই পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তাও কমে গেছে বলে জরিপে বলা হয়েছে। অনেক ভোটারই মনে করছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ তার নির্বাচনী প্রচারণায় ঘোষিত “অপ্রয়োজনীয় বিদেশি যুদ্ধে না জড়ানোর” অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
জরিপে আরও দেখা গেছে, ৪৬ শতাংশ উত্তরদাতা মনে করেন ইরানে হামলার সিদ্ধান্ত ট্রাম্পের পূর্বের নীতিগত অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

