যুক্তরাষ্ট্রের রিপাবলিকান অধ্যুষিত অঙ্গরাজ্য টেক্সাসে ঐতিহাসিক জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। এনবিসি নিউজের পূর্বাভাস অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ও অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে পরাজিত করে সিনেটের আসনটি নিজেদের দখলে নিয়েছে ডেমোক্র্যাটরা। এর মধ্য দিয়ে প্রায় তিন দশকের রিপাবলিকান আধিপত্যের অবসান ঘটল।
সম্পদের বৈষম্য, দুর্নীতি ও ক্ষমতাসীনদের জবাবদিহির প্রশ্ন সামনে রেখে নির্বাচনি প্রচার চালান টালারিকো। ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি সাধারণ মানুষের অর্থনৈতিক স্বার্থকে গুরুত্ব দিয়ে তিনি বাম-ডান বিভাজনের পরিবর্তে ধনী ও সাধারণ মানুষের মধ্যকার বৈষম্যকে নির্বাচনের মূল ইস্যুতে পরিণত করেন।
অন্যদিকে, ব্যক্তিগত ও রাজনৈতিক নানা বিতর্কে আগে থেকেই চাপে ছিলেন প্যাক্সটন। ২০২৩ সালে দুর্নীতির অভিযোগে রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও পরে অঙ্গরাজ্যের সিনেটে খালাস পান তিনি। তার বিরুদ্ধে দলীয় নেতাদের একাংশের অসন্তোষও নির্বাচনে প্রভাব ফেলে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন এবং ধনকুবের ইলন মাস্কের বিপুল অর্থায়ন পেয়েও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে পারেননি প্যাক্সটন। টালারিকোর বিরুদ্ধে প্রায় ১৬৮ কোটি ডলারের বিজ্ঞাপন প্রচারসহ নানা আক্রমণ চালানো হয়। তবে এসব প্রচেষ্টা ভোটারদের মনোভাব পরিবর্তনে ব্যর্থ হয়।
তরুণ, লাতিনো ও স্বতন্ত্র ভোটারদের সমর্থন আদায়ে সফল হন টালারিকো। পাশাপাশি প্যাক্সটনের বিতর্কিত অতীত এবং রিপাবলিকানদের দীর্ঘদিনের শাসনে অসন্তোষকে কাজে লাগান তিনি। নির্বাচনি প্রচারে টালারিকোর পাশে দাঁড়ান বুশ পরিবারের সদস্য বারবারা বুশ ও নিল বুশসহ কয়েকজন প্রভাবশালী রিপাবলিকান।
বিশ্লেষকদের মতে, টেক্সাসে ডেমোক্র্যাটদের এই জয় ট্রাম্প ও তার ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (মাগা) আন্দোলনের জন্য বড় রাজনৈতিক ধাক্কা। একই সঙ্গে আগামী দিনের মার্কিন রাজনীতিতে টেক্সাসের রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে এই ফলাফল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


