যুক্তরাষ্ট্রের ৪০ জনের বিরুদ্ধে নাগরিকত্ব বাতিলের মামলা করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের ৪০ জনের বিরুদ্ধে নাগরিকত্ব বাতিলের মামলা করল ট্রাম্প প্রশাসন
ছবি: এপি

যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়া ৪০ জনের নাগরিকত্ব বাতিলের জন্য মামলা করেছে দেশটির বিচার বিভাগ। তাদের বিরুদ্ধে অর্থ পাচার, শিশু যৌন নিপীড়ন, ভিসা জালিয়াতি, কর ফাঁকি ও গুপ্তচরবৃত্তিসহ গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। ট্রাম্প প্রশাসনের আমলে অল্প সময়ে একসঙ্গে এত মানুষের নাগরিকত্ব বাতিলের মামলা এই প্রথম।

বিজ্ঞাপন

সোমবার মার্কিন বিচার বিভাগ জানায়, গত ২১ আগস্ট থেকে ২ অক্টোবরের মধ্যে বিভিন্ন ফেডারেল আদালতে এসব মামলা করা হয়েছে। ৪০ জনের মধ্যে মেক্সিকো, পাকিস্তান, চীন ও সিয়েরা লিওনসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

বিচার বিভাগের অভিযোগ, নাগরিকত্ব পাওয়ার সময় তারা নিজেদের অপরাধ ও গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন। তাদের অনেকের বিরুদ্ধে থাকা অপরাধের সাজা হয়েছে নাগরিকত্ব পাওয়ার পর।

তবে সরকারের দাবি, এসব অপরাধের কিছু নাগরিকত্ব পাওয়ার আগেই করা হয়েছিল এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা তা গোপন করেছিলেন। ফলে নাগরিকত্ব পাওয়ার সময় তারা ‘সৎ নৈতিক চরিত্রের’ অধিকারী ছিলেন না।

এই ৪০ জনের মধ্যে দুজনের বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। তাদের একজন সাবেক মার্কিন নৌবাহিনীর সদস্য জিনচাও ওয়েই। অন্যজন পিং লি।

মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্লঁশ বলেন, আধুনিক ইতিহাসে এটিই সবচেয়ে বড় নাগরিকত্ব বাতিলের উদ্যোগ।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষা ও মার্কিন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিচার বিভাগ নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া ব্যবহার অব্যাহত রাখবে।

যুক্তরাষ্ট্রে স্বাভাবিকীকরণের মাধ্যমে পাওয়া নাগরিকত্ব বাতিলের আইন কয়েক দশক ধরে রয়েছে। নাগরিকত্বের আবেদনে গুরুত্বপূর্ণ তথ্য গোপন বা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া হলে নির্দিষ্ট ক্ষেত্রে আদালতের মাধ্যমে নাগরিকত্ব বাতিলের আবেদন করতে পারে সরকার।

তবে এই আইন ব্যাপকভাবে ব্যবহারের উদ্যোগ নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনা রয়েছে। তাদের আশঙ্কা, এভাবে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ বাড়ানো হলে কিছু মানুষ রাষ্ট্রহীন হয়ে পড়তে পারেন।

ট্রাম্প প্রশাসন এর আগে জন্মসূত্রে নাগরিকত্বের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে। তবে জন্মসূত্রে নাগরিকত্বের আইনি সুরক্ষা স্বাভাবিকীকরণের মাধ্যমে পাওয়া নাগরিকত্বের চেয়ে আলাদা।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন