মধ্যপ্রাচ্যে দ্রুত বাড়তে থাকা তীব্র উত্তেজনার জেরে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দেশটির পররাষ্ট্র দফতর সম্প্রতি তাদের বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা নবায়ন করে এই নির্দেশনা জারি করেছে।
সংস্থাটির সর্বশেষ বার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং এটি যেকোনো সময় অপ্রত্যাশিতভাবে আরো মারাত্মক রূপ নিতে পারে।
পররাষ্ট্র দফতর উল্লেখ করেছে, মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন স্থানে মার্কিন কূটনৈতিক কেন্দ্রগুলো হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে।
এতে বলা হয়, ইরান কিংবা ইরান সমর্থিত স্বাধীন সশস্ত্র গোষ্ঠীগুলো বিশ্বের যেকোনো স্থানে মার্কিন স্বার্থের ওপর আঘাত হানতে পারে। এর মধ্যে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক অন্যান্য সংস্থাও ঝুঁকিতে রয়েছে।
বিশেষ সতর্কবার্তায় মধ্যপ্রাচ্যে বর্তমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ফ্লাইট বাতিল বা ভ্রমণ বিঘ্নিত হওয়ার বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিনদের আপাতত এই অঞ্চল কিংবা এই অঞ্চলের ওপর দিয়ে যাতায়াত এড়িয়ে চলতে অথবা ভ্রমণ পুনর্বিবেচনা করতে বলা হয়েছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

