মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় হলে অভিশংসনের মুখে পড়তে পারেন পিট হেগসেথ

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় হলে অভিশংসনের মুখে পড়তে পারেন পিট হেগসেথ
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেলে নতুন করে অভিশংসন প্রক্রিয়ার মুখে পড়তে পারেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরান যুদ্ধ পরিচালনা, যুদ্ধের ব্যয় এবং কংগ্রেসকে পাশ কাটিয়ে সামরিক সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত ও জবাবদিহির দাবি জোরালো করার পরিকল্পনা করছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা।

বিজ্ঞাপন

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেলে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন উদ্যোগকে নতুন গতি দিতে চান ডেমোক্র্যাটরা। নির্বাচনের পরপরই এ বিষয়ে ভোটাভুটির উদ্যোগ নিতে পারেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি। তার আশা, রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা হারালে দলীয় অবস্থানের বাইরে গিয়ে আরো কয়েকজন রিপাবলিকান সদস্য অভিশংসনের পক্ষে ভোট দিতে পারেন।

ম্যাসি বলেছেন, নির্বাচনে যেসব রিপাবলিকান আইনপ্রণেতা পরাজিত হবেন বা আর দায়িত্বে ফিরবেন না, তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা দলের সমর্থন হারানোর ভয় ছাড়াই নিজেদের বিবেক অনুযায়ী ভোট দিতে পারেন। তার ভাষায়, নির্বাচনের দিন অবসর নিতে যাওয়া আইনপ্রণেতাদের সংখ্যা বাড়বে এবং এর ফলে অভিশংসনের পক্ষে দ্বিদলীয় সমর্থন তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব পাস করতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট।

হেগসেথের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ডেমোক্র্যাটদের

অভিশংসন প্রস্তাব পাস হোক বা না হোক, নতুন কংগ্রেসে হেগসেথের কর্মকাণ্ডের ওপর ব্যাপক নজরদারি ও তদন্ত চালানোর পরিকল্পনা রয়েছে ডেমোক্র্যাটদের। বিশেষ করে প্রতিনিধি পরিষদ ও সিনেটের সশস্ত্র বাহিনী-সংক্রান্ত কমিটির ডেমোক্র্যাট সদস্যরা ইরান যুদ্ধের বিভিন্ন দিক খতিয়ে দেখতে চান।

তদন্তের আওতায় আসতে পারে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত, যুদ্ধ পরিচালনার কৌশল, সামরিক অভিযানের মোট ব্যয় এবং এ বিষয়ে কংগ্রেসের সঙ্গে প্রশাসনের পরামর্শ না করার অভিযোগ। আইনপ্রণেতাদের অভিযোগ, যুদ্ধের প্রকৃত ব্যয় সম্পর্কে এখনো তাঁদের পূর্ণাঙ্গ হিসাব দেওয়া হয়নি।

সিএনএনকে দেওয়া এক বক্তব্যে এক ডেমোক্র্যাট সহযোগী বলেন, হেগসেথকে ঘিরে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের আইনপ্রণেতা ও কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। এ কারণে তদন্তের ক্ষেত্রে তিনি অন্যতম প্রধান লক্ষ্য হবেন।

ভোটাভুটি ঠেকাতে আগাম অধিবেশন শেষের অভিযোগ

এর আগে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের ওপর ভোটাভুটি এড়াতে প্রতিনিধি পরিষদের স্পিকার ও রিপাবলিকান নেতা মাইক জনসন সেপ্টেম্বরে আইনপ্রণেতাদের নির্ধারিত সময়ের আগেই ছুটিতে পাঠান। সে সময় তিনি অভিশংসন উদ্যোগকে রাজনৈতিক প্রচারণা বা লোকদেখানো পদক্ষেপ বলে অভিহিত করেন। একই সঙ্গে হেগসেথের কাজের প্রশংসা করেন।

তবে রিপাবলিকানদের অভ্যন্তরীণ অবস্থান সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, অভিশংসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পেন্টাগন ও হেগসেথের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ বাড়ায় কয়েকজন রিপাবলিকানও প্রস্তাবটির পক্ষে ভোট দিতে পারেন।

অবসর নিতে যাওয়া রিপাবলিকান কংগ্রেসম্যান ডন বেকন হেগসেথের নেতৃত্বের সমালোচনা করে তাকে একজন নেতার চেয়ে বেশি প্রচারমুখী ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন। যদিও তিনি অভিশংসনের পক্ষে ভোট দেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি, তবে পেন্টাগনের কর্মকাণ্ডে কংগ্রেসের কার্যকর নজরদারি থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন।

ট্রাম্পের সমর্থন, পেন্টাগনের আত্মপক্ষসমর্থন

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন উদ্যোগের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হেগসেথ ভালো কাজ করছেন এবং তিনি একজন দক্ষ যোদ্ধা। ডেমোক্র্যাটদের অভিশংসনের উদ্যোগকে ‘ভয়াবহ’ বলেও মন্তব্য করেন ট্রাম্প।

অন্যদিকে, পেন্টাগনের পক্ষ থেকেও হেগসেথের নেতৃত্বের প্রতি সমর্থন জানানো হয়েছে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলি উইলসন এক বিবৃতিতে বলেন, হেগসেথ প্রতিরক্ষা বিভাগে পরিবর্তন এনেছেন এবং তার নেতৃত্বে বিভাগটি আগের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। তার লক্ষ্য ও পরিকল্পনার প্রতি পুরো বিভাগ ঐক্যবদ্ধ বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প প্রশাসনের অন্য কর্মকর্তারাও নজরদারিতে

শুধু হেগসেথ নন, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্প প্রশাসনের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার কর্মকাণ্ড তদন্তের পরিকল্পনা রয়েছে ডেমোক্র্যাটদের। তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছেন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র।

তবে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের বিষয়ে ডেমোক্র্যাটদের মধ্যে তুলনামূলক সতর্ক অবস্থান দেখা যাচ্ছে। প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফরিস বলেছেন, প্রশাসনের বিরুদ্ধে তদন্তের ফলাফল দেখার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। কোনো বিষয়ই আগাম বাদ দেওয়া হচ্ছে না, আবার কোনো সিদ্ধান্তও চূড়ান্ত করা হয়নি।

তবে হেগসেথের বিষয়ে জেফরিসের বক্তব্য তুলনামূলক কঠোর। তার অভিযোগ, ইরান যুদ্ধের সিদ্ধান্ত ও তা পরিচালনার ক্ষেত্রে হেগসেথের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।

পদ ছাড়লেও তদন্ত থেকে রেহাই নয়

হেগসেথ পদত্যাগ করলেও কিংবা তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও তদন্ত চালিয়ে যাওয়ার পক্ষে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী কমিটির সদস্য ক্রিস ডেলুজিও বলেছেন, যুদ্ধ পরিচালনা, মার্কিন সেনাসদস্যদের নিরাপত্তা এবং তাদের পরিবারের সুরক্ষায় ব্যর্থতার অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।

আরেক ডেমোক্র্যাট আইনপ্রণেতা জেসন ক্রো বলেছেন, হেগসেথকে পেন্টাগনের দায়িত্বে যত দিন সম্ভব কম রাখা যায়, সে জন্য তিনি সব ধরনের প্রচেষ্টা চালাবেন।

এদিকে, হেগসেথের ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা তাকে ভবিষ্যতে নির্বাচনি রাজনীতিতে আসার পরামর্শ দিচ্ছেন বলে সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমনকি ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও তার সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই।

ইরান যুদ্ধ ঘিরে বাড়ছে রাজনৈতিক চাপ

ইরান যুদ্ধকে কেন্দ্র করে কংগ্রেস ও ট্রাম্প প্রশাসনের মধ্যে মতবিরোধ ক্রমেই বাড়ছে। যুদ্ধের ব্যয়, লক্ষ্য ও সময়সীমা নিয়ে পেন্টাগনের কাছ থেকে পর্যাপ্ত তথ্য না পাওয়ার অভিযোগ তুলেছেন রিপাবলিকান আইনপ্রণেতাদের একাংশও।

এ ছাড়া সামরিক অভিযানের বিভিন্ন পরিকল্পনা, সেনাসদস্যদের নিরাপত্তা এবং রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক জ্বালানি চুক্তি নিয়েও অসন্তোষ রয়েছে।

মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসের সামনে প্রতিরক্ষা নীতিবিষয়ক বার্ষিক বিল এবং ইরান যুদ্ধের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের মতো গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। ফলে হেগসেথকে ঘিরে রাজনৈতিক বিরোধ এসব আইন পাসের প্রক্রিয়াকেও জটিল করে তুলতে পারে।

সব মিলিয়ে, মধ্যবর্তী নির্বাচনের ফলাফল শুধু প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণই নির্ধারণ করবে না, বরং পিট হেগসেথের রাজনৈতিক ভবিষ্যৎ এবং ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহির বিষয়টিও নতুন করে সামনে নিয়ে আসতে পারে।

সূত্র: সিএনএন

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...