ট্রাম্পের অভিবাসীবিরোধী অভিযান জোরদার, টেক্সাসে একদিনে আটক ২৩৮ অভিবাসী

ট্রাম্পের অভিবাসীবিরোধী অভিযান জোরদার, টেক্সাসে একদিনে আটক ২৩৮ অভিবাসী
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) জানিয়েছে, টেক্সাসের রিও গ্র্যান্ড ভ্যালিতে একদিনের অভিযানে ২৩৮ জন অভিবাসীকে আটক করা হয়েছে। সংস্থাটির দাবি, এটি ওই অঞ্চলে তাদের পরিচালিত সবচেয়ে বড় লক্ষ্যভিত্তিক অভিযান। বুধবার ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এ অভিযান এমন সময় পরিচালিত হলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসনবিষয়ক ট্রাফিক স্টপ বা যানবাহন থামিয়ে পরিচালিত অভিযানের পক্ষে অবস্থান নিয়েছেন। এর আগে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এ ধরনের বেশিরভাগ অভিযান স্থগিত করার বিষয়টি বিবেচনা করছে বলে খবর প্রকাশিত হয়েছিল।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ট্রাফিক স্টপ আইসিইর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর অপরাধ দমন কৌশলগুলোর একটি।

আইসিই জানায়, ১৮ জুন হারলিনজেন ফিল্ড অফিস আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাদের বিরুদ্ধে অপহরণের চেষ্টা, যৌন নিপীড়ন ও মাদক রাখার মতো অপরাধে পূর্বে দণ্ডিত হওয়ার রেকর্ড রয়েছে।

হারলিনজেন ফিল্ড অফিসের পরিচালক হুয়ান আগুদেলো এক বিবৃতিতে বলেন, ‘জননিরাপত্তা জোরদার করা এবং দেশের অভিবাসন ব্যবস্থার অখণ্ডতা পুনঃপ্রতিষ্ঠায় আইসিইর অভিযান অব্যাহত থাকবে।’

আটক ব্যক্তিদের মধ্যে মেক্সিকোর নাগরিক ম্যানুয়েল মোরালেস-হেরোনিমো রয়েছেন। আইসিইর দাবি, তিনি ‘পাইসাস’ নামের একটি গ্যাংয়ের সদস্য। তার বিরুদ্ধে মারামার, মাদক ‍ও গাঁজা রাখা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং তিনবার অবৈধ পুনঃপ্রবেশের দায়ে দণ্ডিত হওয়ার রেকর্ড রয়েছে।

এ ছাড়া আটক হওয়া আরেক মেক্সিকান নাগরিক হোসে আলফ্রেদো কাস্তিয়ো-মেন্দোজা-র বিরুদ্ধে অপহরণের চেষ্টা, যৌন নিপীড়ন এবং অবৈধ পুনঃপ্রবেশের মামলায় দণ্ডিত হওয়ার তথ্য জানিয়েছে আইসিই।

সূত্র: আনাদোলু।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন