পেকুয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি-লুটপাট

পেকুয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি-লুটপাট

কক্সবাজারের উপকূলীয় উপজেলা পেকুয়ায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে দুই বাড়িতে লুট-পাট করে। এসময় তারা নগদ সাড়ে ৮ লাখ টাকা ও ১৭ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় ।

বিজ্ঞাপন

রোববার দিবাগত রাত সোয়া ৩টার দিকে পেকুয়া পৌরসভার সিকদারপাড়ায় সৌদিপ্রবাসী জমির আলম ও মহেশখালী উপজেলার রেজাউল করিমের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী রেজাউল করিম সাংবাদিকদের জানান, রাতে মোটরসাইকেল দেখতে বাইরে গেলে পাশের একটি দোকানে কয়েকজনের সঙ্গে বসেছিলেন তিনি। রাত ৩টার দিকে একটি সাদা মাইক্রোবাস দ্রুত চলে যেতে দেখেন। কিছুক্ষণ পর ৩-৪ জন অপরিচিত ব্যক্তি পরিচয় জানতে চেয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে বাড়িতে নিয়ে যায়।

তিনি বলেন, বাড়িতে আগে থেকেই অবস্থান নেওয়া ৭-৮ জন মুখোশধারী ডাকাত পরিবারের সদস্যদের একটি কক্ষে আটকে রাখে। তারপর ঘরে তল্লাশি চালায়। এসময় চিৎকার করলে গুলি করার হুমকি দেয়।

রেজাউলের বয়ান মতে, তার কক্ষ থেকে নগদ সাড়ে ৬ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং বড় ভাই সৌদিপ্রবাসী জমির আলমের কক্ষ থেকে আরও আড়াই লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়। পরে অস্ত্র উঁচিয়ে মাইক্রোবাসে পালিয়ে যায় ডাকাতদল।

সৌদিপ্রবাসী জমির আলমের স্ত্রী আমেনা বেগম বলেন, অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দিয়ে গলার চেইন ও কানের দুল খুলে নেয়া হয়। আলমারির তালা ভেঙে ড্রয়ারে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে ডাকাতরা।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন