অক্টোবরে ঢাকা সফরের সম্ভাবনা

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে আগ্রহী ব্রাজিল

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে আগ্রহী ব্রাজিল

চলতি বছরের অক্টোবরে ভারত সফরের সঙ্গে বাংলাদেশও প্রীতি ম্যাচ খেলার জোরালো ইচ্ছা প্রকাশ করেছে পাঁচবারের ফুটবল বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ অক্টোবর ঢাকায় একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হতে চায় সেলেসাওরা।

বিজ্ঞাপন

ম্যাচের সম্ভাবনা যাচাই ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সম্প্রতি ব্রাজিলের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল হঠাৎ করেই ঢাকা সফর করে। সফরকালে প্রতিনিধি দলটি ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে।

১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফার আন্তর্জাতিক উইন্ডো নির্ধারিত রয়েছে। সূচি অনুযায়ী, ব্রাজিল ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ভারতের কলকাতায় আগামী ৩ অক্টোবর স্থানীয় দল বা ভারতের জাতীয় দলের বিপক্ষে মাঠে নামবে তারা। কলকাতা থেকে নিকটবর্তী হওয়ায় সফরটি বর্ধিত করে ৬ অক্টোবর ঢাকায় ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে ব্রাজিলিয়ান প্রতিনিধি দল।

অফারটি আকর্ষণীয় হলেও বাফুফেকে বেশ কিছু বাস্তবমুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। সেপ্টেম্বর-অক্টোবরে ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের খেলা শেষ করে ৩ বা ৪ অক্টোবর ফুটবলারদের দেশে ফেরার কথা। এর মাত্র দুদিনের মাথায় ব্রাজিলের মতো বিশ্বসেরা দলের মুখোমুখি হওয়া খেলোয়াড়দের জন্য চরম শারীরিক ক্লান্তি ও ঝুঁকির কারণ হতে পারে।

নিয়ম অনুযায়ী ফিফা উইন্ডোতে একটি দল সর্বোচ্চ ৪টি ম্যাচ খেলতে পারে। আসিয়ান কাপেই বাংলাদেশ ৪টি ম্যাচ খেলে ফেললে, ৬ অক্টোবরের ব্রাজিল ম্যাচটি ফিফার অফিশিয়াল ম্যাচ হিসেবে স্বীকৃতি না-ও পেতে পারে। ব্রাজিল দল থেকে ঢাকা হয়ে দুবাই যাওয়ার জন্য প্রায় ৯০ জনের বিশাল কন্টিনজেন্টের চার্টার্ড ফ্লাইটের খরচসহ অন্যান্য আনুসঙ্গিক ব্যয় বহন করতে হবে বাফুফেকে।

সব মিলিয়ে, আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ ব্রাজিলের প্রস্তাবটি যেমন বাংলাদেশের ফুটবলের জন্য বড় সুযোগ, তেমনই শিডিউল জটিলতার কারণে সিদ্ধান্ত নিতে বেশ হিসাব-নিকাশ করতে হচ্ছে বাফুফেকে। উভয় পক্ষের আনুষ্ঠানিক ঘোষণার পর বিষয়টি চূড়ান্ত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন