যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি.সি.-তে একটি সামরিক ঘাঁটির ওপর একাধিক অজ্ঞাতপরিচয় ড্রোন উড়তে দেখা গেছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। ঘটনাটির পর দেশটির সরকার নিরাপত্তাজনিত কারণে কিছু উচ্চপদস্থ কর্মকর্তাকে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করছে। প্রতিবেদনে বলা হয়, ওই ঘাঁটিতে বসবাস করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
গত ১০ দিনের মধ্যে অন্তত এক রাতে একাধিক ড্রোন দেখা গেছে, যা তাৎক্ষণিক নিরাপত্তা পর্যালোচনার কারণ হয়ে দাঁড়ায়। ওয়াশিংটন পোস্টের তথ্যমতে, ড্রোনগুলোর উৎস এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে হোয়াইট হাউসে উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে ইরানকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এর ফলে মার্কিন সামরিক বাহিনী তাদের ঘাঁটিগুলোর নিরাপত্তা স্তর আরও জোরদার করেছে।
এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে সব মার্কিন কূটনৈতিক মিশনকে নিরাপত্তা মূল্যায়নের নির্দেশ দিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ফোর্ট ম্যাকনায়ারর ওপর ড্রোনের উপস্থিতি এতটাই গুরুতর ছিল যে কর্মকর্তারা রুবিও ও হেগসেথকে সরিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা করেন। তবে এখনো তাদের সরানোর কোনো সিদ্ধান্ত হয়নি।
বিশ্লেষকদের মতে, এই ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

