দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা উপকূলে একটি যাত্রীবাহী ফেরি উল্টে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো ৮৩ জন নিখোঁজ রয়েছেন।
সোমবার দেশটির প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার দিবাগত রাতে এমভি বারিমা নামের ওই নৌযান উল্টে যায়।
প্রধানমন্ত্রী ফিলিপস জানান, দুর্ঘটনার পর থেকে এখন পর্যন্ত ৬৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের মূল নজর এখন নিখোঁজদের খোঁজে। আমরা এখনো আশা ছাড়িনি।’
পুরোনো এই ফেরি রাজধানী জর্জটাউন থেকে গায়ানার অভ্যন্তরভাগের এসিকুইবো অঞ্চলের দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে যাত্রীসংখ্যা নিয়ে বিভ্রান্তি থাকলেও পরে প্রধানমন্ত্রী জানান, দুর্ঘটনায় পতিত নৌযানটিতে ১৭৯ জন আরোহী ছিলেন।
দেশের গণপূর্ত মন্ত্রী হুয়ান এজহিল জানান, জাহাজের মূল কায়িক তালিকায় ১৩৩ জনের কথা উল্লেখ থাকলেও তা সঠিক ছিল না।
দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতার পরিধি ৪০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৭০ বর্গকিলোমিটারে উন্নীত করেছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় জেলেরা উদ্ধারকাজে যোগ দিয়েছেন। পাশাপাশি প্রতিবেশী ফরাসি গায়ানা থেকে ১২ জন ডুবুরি, দুজন চিকিৎসক ও একজন মেকানিক পাঠিয়েছে ফরাসি সেনাবাহিনী।
শিপিং ট্র্যাকিং ওয়েবসাইট ‘ভেসেলফাইন্ডার’-এর তথ্যমতে, ফেরিটি ১৯৩৯ সালে নির্মিত হয়েছিল। নৌযানটি বিকেলে রওনা হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিপদের সংকেত পাঠায়।
প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস আরো জানান, দুর্ঘটনার পর ফেরির দুজন ক্রু সদস্যের শরীরে মাদকের (গাঁজা) অস্তিত্ব পাওয়া গেছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


