আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাণিজ্য চুক্তি নিয়ে 'টালবাহানা করা' দেশগুলোকে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

বাণিজ্য চুক্তি নিয়ে 'টালবাহানা করা' দেশগুলোকে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা বৈশ্বিক শুল্ক স্থগিত করার পর দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ‘টালবাহানা’ করলে উচ্চহারে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

গত বছরের আরোপিত বেশির ভাগ শুল্ক বাতিলের সিদ্ধান্তের পর বিশ্বের বিভিন্ন দেশ তাদের বাণিজ্য কৌশল পুনর্মূল্যায়ন শুরু করে। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প সতর্ক করেন, কেউ যদি সুপ্রিম কোর্টের রায়কে অজুহাত হিসেবে ব্যবহার করে পূর্বের প্রতিশ্রুতি থেকে সরে আসতে চায়, তাহলে তাদের ওপর আরও কঠোর শুল্ক আরোপ করা হবে। “ক্রেতা সাবধান” লিখেছেন তিনি।

শুক্রবার সুপ্রিম কোর্ট ১৯৭৭ সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে ঘোষিত ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করে জানায়, ওই আইন প্রেসিডেন্টকে আমদানি পণ্যের ওপর কর আরোপের ক্ষমতা দেয় না।

রায়ের পরপরই ভিন্ন একটি আইনের আওতায় বিশ্বব্যাপী ১০ শতাংশ নতুন শুল্ক ঘোষণা করেন ট্রাম্প, যা দ্রুত ১৫ শতাংশে উন্নীত করা হয়। এ শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। পাশাপাশি তিনি ১২২ ধারা প্রয়োগ করেন, যা কংগ্রেসের অনুমোদন ছাড়াই ১৫০ দিনের জন্য শুল্ক আরোপের সুযোগ দেয়। এছাড়া ৩০১ ধারার অধীনে ‘অন্যায্য’ বাণিজ্য সম্পর্কের তদন্ত শুরুর নির্দেশ দেন।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, গ্রীষ্মে সম্পাদিত একটি চুক্তির অনুমোদন তারা স্থগিত করবে। ভারতও পূর্বনির্ধারিত আলোচনা স্থগিত করেছে। যুক্তরাজ্য মার্কিন প্রশাসনের কাছে জানতে চেয়েছে, তাদের সঙ্গে হওয়া চুক্তি নতুন ১৫ শতাংশ শুল্কের নিচে বহাল থাকবে কি না।

যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্যসচিব পিটার কাইল বলেছেন, সর্বশেষ ঘোষণায় সৃষ্ট অনিশ্চয়তা তারা স্বীকার করছে এবং দেশীয় ব্যবসা সুরক্ষায় সব বিকল্প বিবেচনায় রাখা হচ্ছে।

বার্নড ল্যাঞ্জ (যিনি ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির সভাপতি) জানান, পরিস্থিতি আগের চেয়ে আরও অনিশ্চিত হয়ে উঠেছে।

হোয়াইট হাউস অবশ্য বলেছে, আদালতের রায়ে তাদের বাণিজ্যনীতির মৌলিক অবস্থান বদলায়নি। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, ‘আইনি হাতিয়ার পরিবর্তন হতে পারে, কিন্তু নীতি অপরিবর্তিত রয়েছে।’

নতুন ১৫ শতাংশ শুল্ক ১৫০ দিন পর শেষ হওয়ার কথা, যদি না কংগ্রেস মেয়াদ বাড়ায়। তবে সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার সতর্ক করে বলেছেন, ডেমোক্র্যাটরা শুল্ক বাড়ানোর যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করবে।

বাণিজ্য অনিশ্চয়তার প্রভাব শেয়ারবাজারেও পড়েছে। সোমবার যুক্তরাষ্ট্রে শেয়ারদর প্রায় ১ শতাংশ কমেছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও অস্থির হতে পারে।

সূত্র: বিবিসি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন