ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

১৮ বলে ২৯ রান দরকার ছিল শ্রীলঙ্কার। হাতে ৪ উইকেট। ম্যাচ তখনো বাংলাদেশের হাতে। কিন্তু ১৮তম ওভারেই যত গণ্ডগোল! সেই ওভারে ১৬ রান নিয়ে বাংলাদেশকে লড়াই থেকে ছিটকে দেয় লঙ্কানরা। শেষ পর্যন্ত ৪ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

নারী এশিয়া কাপে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার ব্যাটিং ব্যর্থতায় আগে থেকেই চাপে ছিল বাংলাদেশ। ৮ উইকেটে মাত্র ১১৪ রান তোলার পর বোলারদের লড়াইয়ে ম্যাচে ফিরেছিল নিগার সুলতানা জ্যোতির দল। কিন্তু শেষ পর্যন্ত সেই লড়াই জয় এনে দিতে পারেনি।

১১৫ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই চমক দেখান মারুফা আক্তার। ইনিংসের প্রথম ওভারেই চামারি আতাপাত্তুকে ফিরিয়ে দেন তিনি। নিজের পরের ওভারে বোল্ড করেন ইমেশা দুলানিকেও। এরপর সুলতানা খাতুন, রিতু মনি ও ফাহিমাদের চাপে মাত্র ৪৪ রানেই ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা।

তবে সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হর্শিতা সামারাবিক্রমা ও নীলক্ষ্মী ডি সিলভা। ষষ্ঠ উইকেটে তাদের ৩৮ রানের জুটি শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরায়। নীলক্ষ্মীকে ফিরিয়ে মারুফা আবারও আশা জাগালেও শেষ তিন ওভারে প্রয়োজনীয় ২৯ রান আটকে রাখতে পারেনি বাংলাদেশ। রিতু মনির করা ১৮তম ওভারে চার ও ছক্কায় ১৬ রান তুলে সমীকরণ সহজ করে দেন হর্শিতা। শেষ পর্যন্ত ৩৭ বলে অপরাজিত ৪৮ রান করে ম্যাচসেরাও হন তিনি।

এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন সোবহানা মোস্তারি। দিলারা আক্তার করেন ২৬ রান। অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে আসে মাত্র ৪ রান।

এই হারে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টানা হারের সংখ্যা দাঁড়াল সাত ম্যাচে। অন্যদিকে সেমিফাইনালে যেতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পরের ম্যাচটি বাংলাদেশের জন্য হয়ে উঠেছে কার্যত বাঁচা-মরার লড়াই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন