পরিবার ও দুই ছোট সন্তানের সঙ্গে আরো বেশি সময় কাটাতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ছেন ক্যারোলাইন লেভিট। চলতি মাসের শেষ দিকে তিনি পদ ছাড়বেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেভিটকে তার ‘সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের’ একজন হিসেবে উল্লেখ করেছেন।
তিনি জানান, প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়ার পরও লেভিট তার অন্যতম প্রধান পরামর্শক হিসেবে কাজ করবেন। রিপাবলিকান পার্টির ভেতরেও তিনি প্রভাবশালী ভূমিকা রাখবেন।
২৮ বছর বয়সী লেভিট গত বছর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব নেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই এই পদে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তি।
গত মে মাসে কন্যাসন্তানের মা হন লেভিট। স্বামী নিকোলাস রিসিওর সঙ্গে এটি তার দ্বিতীয় সন্তান। তাদের দুই বছরের একটি ছেলেও রয়েছে।
কন্যাসন্তান জন্মের পর মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন লেভিট। গত মাসে তিনি আবার কাজে যোগ দেন। কাজে ফেরার পরই তিনি প্রেস সেক্রেটারির দায়িত্ব ও সন্তানদের সময় দেওয়ার মধ্যে ভারসাম্য রাখার কঠিন পরিস্থিতির মুখে পড়েন।
ট্রাম্পের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন লেভিট। তিনি বলেন, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করা তার জীবনের সবচেয়ে সম্মানের ও রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলোর একটি। তবে একই সঙ্গে মা হওয়া এবং বিশ্বের অন্যতম কঠিন সরকারি দায়িত্ব সামলানো তার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং।
লেভিট বলেন, কন্যাসন্তান জন্মের পর হোয়াইট হাউসে কাজে ফিরে তিনি বুঝতে পারেন, প্রেস সেক্রেটারির দায়িত্ব পালনে যে পরিমাণ সময়, শক্তি ও মনোযোগ দিতে হয়, তাতে দুই সন্তানকে প্রয়োজনীয় সময় দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।
এ কারণেই শেষ পর্যন্ত হোয়াইট হাউস ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। লেভিট এই সিদ্ধান্তকে জীবনের একটি কঠিন, তবে প্রয়োজনীয় সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেছেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হওয়ার আগে থেকেই ট্রাম্পের সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল লেভিটের। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি হোয়াইট হাউসে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেন। পরে নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগবিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২২ সালে নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেস সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন লেভিট। রিপাবলিকান দলের প্রাথমিক নির্বাচনে জয়ী হলেও সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস পাপাসের কাছে হেরে যান।
লেভিটের স্থলাভিষিক্ত কে হবেন, তা এখনো ঘোষণা করেননি ট্রাম্প। তার মাতৃত্বকালীন ছুটির সময় হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্বরাষ্ট্রমন্ত্রী ডগ বার্গাম।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

