যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আইডাহোর একটি ফাস্ট ফুড রেস্তোরাঁয় প্রকাশ্যে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে।
গতকাল শনিবারের এই হামলায় হামলাকারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন।
অঙ্গরাজ্যটির পুলিশ কয়েকজন হতাহত হওয়ার খবর নিশ্চিত করলেও সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে তদন্ত চালু থাকার কথা জানিয়েছে। তারা জানায়, ঘটনায় অভিযুক্ত সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে আইডাহোর দক্ষিণাঞ্চলের শহর টুইন ফলসের ‘ইন-অ্যান্ড-আউট বার্গার’ নামে একটি জনপ্রিয় রেস্তোরাঁয়। টুইন ফলস শহরের পুলিশপ্রধান ম্যাথিউ হিকস বলেন, গুলির ঘটনা ঘটার সময় রেস্তোরাঁর ভেতরে ও আশপাশে অত্যন্ত বিশৃঙ্খল ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ ও তদন্তকারী কর্তৃপক্ষ হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে।
শহর কর্তৃপক্ষের মুখপাত্র জোশ পালমার জানান, বন্দুক হামলায় ঘটনাস্থলেই তিনজন নিহত ও আরো দু’জন আহত হয়েছেন। তবে নিহত ব্যক্তিদের মধ্যে হামলাকারী অন্তর্ভুক্ত আছেন কি না, তা তিনি স্পষ্ট করেননি।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, রেস্তোরাঁর বাইরে দীর্ঘ একটি বন্দুক হাতে এক তরুণ অবস্থান করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ভিডিওগুলোতে গুলির শব্দে রেস্তোরাঁর আশপাশ থেকে আতঙ্কিত মানুষকে ছোটাছুটি করে প্রাণ বাঁচানোর চেষ্টা করতে দেখা গেছে।
উল্লেখ্য, সল্ট লেক সিটি থেকে প্রায় ১৮০ মাইল (প্রায় ২৯০ কিলোমিটার) দূরে অবস্থিত টুইন ফলস একটি শান্ত শহর। প্রায় ৫৬ হাজার মানুষের বসবাস এই এলাকায়। জনবহুল রেস্তোরাঁয় এমন প্রকাশ্যে হামলার ঘটনায় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

