চতুর্থ সন্তানের বাবা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
স্থানীয় সময় রোববার মেরিল্যান্ডের বেথেসদায় অবস্থিত ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তার ছেলেসন্তানের জন্ম হয়।
সংবাদমাধ্যম আল জাজিরা সূত্রে এ তথ্য জানা গেছে।
এক যৌথ বিবৃতিতে জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স জানান, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, আজ সকালে আমাদের ছেলে অ্যালেক নীল ভ্যান্স জন্ম নিয়েছে।’
বিবৃতিতে বলা হয়, উষা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। পরিবারের অন্য সন্তানেরাও ছোট ভাইকে পেয়ে দারুণ আনন্দিত।
অ্যালেক নীল ভ্যান্স যুক্তরাষ্ট্রের ইতিহাসে দেড় শতাধিক বছরের মধ্যে দায়িত্বে থাকা কোনো ভাইস প্রেসিডেন্টের ঘরে জন্ম নেওয়া প্রথম সন্তান। হোয়াইট হাউস হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, এর আগে সর্বশেষ উনিশ শতকে ১৮৭০ সালে দায়িত্ব পালনকালে ভাইস প্রেসিডেন্ট স্কাইলার কোলফ্যাক্স ও তার স্ত্রী এলেন ওয়েডের ঘরে সন্তান জন্ম নিয়েছিল।
ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা ও সাবেক মার্কিন মেরিন সেনা জেডি ভ্যান্স এবং ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান উষা ভ্যান্স ইয়েল ল স্কুলে পড়ার সময় একে অপরের সংস্পর্শে আসেন। ২০১৩ সালে তারা সেখান থেকে স্নাতক সম্পন্ন করেন।
এই দম্পতির ঘরে ২০১৭ সালে প্রথম ছেলে ইওয়ান, ২০২০ সালে দ্বিতীয় ছেলে বিবেক এবং ২০২১ সালে মেয়ে মিরাবেলের জন্ম হয়।
জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন। ২০২১ সালে ওহাইও থেকে সিনেট নির্বাচনে অংশ নেওয়ার সময় থেকেই তিনি বেশি সন্তান নেওয়ার পক্ষে কথা বলে আসছেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে ২০২৫ সালের ‘মার্চ ফর লাইফ’ সমাবেশে তিনি বলেছিলেন, ‘আমি চাই যুক্তরাষ্ট্রে আরও বেশি শিশু জন্ম নিক।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

