চীন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে ঢাকায় চীনা দূতাবাস। বুধবার দূতাবাসের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আবারও আগের মতো একই সুরে চীন-বাংলাদেশ সম্পর্ককে টার্গেট করেছেন এবং বিষয়টিকে অতিরিক্ত সরলীকরণ করে ভুলভাবে উপস্থাপন করেছেন। তিনি বলেন, এই ধরনের মন্তব্য কোনো গোপন স্বার্থ দ্বারা পরিচালিত।
তিনি আরও উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ একে অপরকে সম্মান ও সমর্থন করে এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ বিনিময় ও পারস্পরিক লাভজনক সহযোগিতার এক চমৎকার উদাহরণ স্থাপিত হয়েছে। চীন দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বিশ্বস্ত অংশীদার এবং এর বন্ধুত্বপূর্ণ সহযোগিতা এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও পুনরুজ্জীবনকে উৎসাহিত করেছে। এই সম্পর্কগুলো স্থানীয় জনগণের দ্বারা সমর্থিত ও স্বাগত জানানো হয়েছে।
চীনা দূতাবাস জানায়, চীন-বাংলাদেশ সম্পর্ক বা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ক কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং কোনো বহিরাগত শক্তির দ্বারা প্রভাবিত হবে না। এ ধরনের সম্পর্কগুলোতে হস্তক্ষেপ বা বাধা দেওয়ার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত রয়টার্সকে বলেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান চীনা প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং চীনের সঙ্গে নির্দিষ্ট ধরনের সম্পর্কের ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


চীনের প্রভাব কমাতে বাংলাদেশের নতুন সরকারকে সামরিক সরঞ্জাম দিতে চায় যুক্তরাষ্ট্র