কলম্বিয়ার মধ্যাঞ্চলে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন শ্রমিক নিহত হয়েছেন এবং আরও ৬ জন আহত হয়েছেন। সোমবার এই দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
খনি কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, খনির ভেতরে গ্যাস জমে যাওয়ার কারণে বিস্ফোরণটি ঘটে। আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, দুর্ঘটনাটি রাজধানী বোগোতা থেকে প্রায় ৭২ কিলোমিটার উত্তরে সুতাতাউসা পৌর এলাকায় অবস্থিত একটি বৈধ খনিতে ঘটে।
ন্যাশনাল মাইনিং এজেন্সি এক বিবৃতিতে জানায়, জরুরি পরিস্থিতির পর ছয়জন শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে নয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
কুন্দিনামার্কার গভর্নর জর্জ এমিলিও রে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বিস্ফোরণের সম্ভাব্য কারণ হিসেবে খনির ভেতরে জমে থাকা গ্যাসকে দায়ী করা হচ্ছে। তিনি আরও জানান, দুর্ঘটনার সময় ১২ জন শ্রমিক ভেতরে আটকা পড়েছিলেন, যাদের মধ্যে তিনজন নিজেরাই বের হতে সক্ষম হন।
উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন। তবে উদ্ধার কার্যক্রম শুরুর আগে খনির ভেতরের গ্যাসের মাত্রা পরীক্ষা করা হচ্ছিল।
কলম্বিয়ায় খনি দুর্ঘটনা নতুন নয়। বিশেষ করে বায়ু চলাচলের ঘাটতি এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে প্রায়ই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট এলাকায় বৈধ খনির পাশাপাশি অনেক অবৈধ খনিও রয়েছে, যেখানে নিরাপত্তা নিয়ম যথাযথভাবে মানা হয় না।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


