যুক্তরাষ্ট্রে অভিবাসন হেফাজতে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে অভিবাসন হেফাজতে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসন হেফাজতে থাকা এক মেক্সিকান অভিবাসীর মৃত্যু হয়েছে। গত সোমবার আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ নিয়ে ২০২৬ সালের প্রথম তিনমাসেই আইসিইর হেফাজতে থাকা অবস্থায় ১৪ জনের মৃত্যু হলো।

আইসিই সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের অ্যাডেলান্টো আটক কেন্দ্রের নিরাপত্তাকর্মীরা জোসে গুয়াদালুপে রামোসকে তার বাঙ্কে অচেতন অবস্থায় খুঁজে পান। এরপর তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আইসিই আরো জানায়, তারা ২৩ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ার টরেন্স শহর থেকে রামোসকে গ্রেপ্তার করে। ২০২৫ সালে মাদক রাখা ও ব্যক্তিগত সম্পদ চুরির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। হেফাজতে নেওয়ার সময় প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় তার ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপ ধরা পড়ে।

২০২৫ সালে অন্তত ৩১ জন আইসিই হেফাজতে মারা গেছেন, যা গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ। এ সংখ্যা দিন দিন বাড়ছে। অধিবাসীদের বিরুদ্ধে এ আটক নীতিকে অনেকেই প্রাণঘাতী বলে অ্যাখ্যা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে অ্যাডেলান্টো আটক কেন্দ্রে রামোসের আগে আরো তিনজন মেক্সিকোন নাগরিক মারা যান।

ট্রাম্প অবৈধভাবে বসবাসকারী লাখ লাখ অভিবাসীকে আটক ও বহিষ্কারের প্রতিশ্রুতি দেওয়ার পর থেকেই আইসিই’র হেফাজতে থাকা অভিবাসীর সংখ্যা রেকর্ড পৌঁছায়। ফেব্রুয়ারির শুরুতে প্রায় ৬৮ হাজার মানুষ এসব আটক কেন্দ্রে আটক ছিলেন।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মেক্সিকো সরকার অভিবাসী বন্দিদের মৃত্যুর বিষয়টি ইন্টার-আমেরিকান মানবাধিকার কমিশনের কাছে তুলে ধরবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন