পেকুয়ায় সাগরে নিখোঁজের ১৮ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

পেকুয়ায় সাগরে নিখোঁজের ১৮ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় ডেনিস বোটে ওঠার সময় স্ত্রীর চোখের সামনে সাগরে পড়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

মৃত শামীম (৩০) ভোলা জেলার ইলিশিয়া ঘাট এলাকার মসলেম উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে কর্মরত ছিলেন।

এর আগে গতকাল শনিবার বিকেল আড়াইটার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মগনামা লঞ্চঘাটে কুতুবদিয়াগামী ডেনিস বোটে ওঠার সময় অসাবধানতাবশত সাগরের পানিতে পড়ে যান শামীম। মুহূর্তের মধ্যেই তিনি পানির স্রোতে তলিয়ে যান। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও বোটের মাঝিরা সাগরে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান, তবে দীর্ঘ চেষ্টাতেও তার কোনো সন্ধান মেলেনি।

সংবাদ পেয়ে পরবর্তীতে নৌবাহিনীর একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। শনিবার রাতে প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়েও শামীমের সন্ধান পাওয়া যায়নি। সে সময় কোস্ট গার্ডের একটি দলও দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। রাতভর নিখোঁজ থাকার পর অবশেষে রোববার সকালে মগনামা-কুতুবদিয়া চ্যানেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী নবী হোছাইন জানান, ডেনিস বোটে ওঠার প্রস্তুতি নেওয়ার সময় শামীম অসাবধানতাবশত পানিতে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে তলিয়ে যান।

পেকুয়ার ইউএনও রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। কোস্ট গার্ডও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছিল। রোববার সকালে শামীমের লাশ উদ্ধার করা হয়েছে।

পেকুয়া থানার ওসি জানান, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন