মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন

মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন

লক্ষ্মীপুরের রায়পুরে মাদকাসক্ত এক যুবকের আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘর ও ৬টি দোকান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৭টি পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠান। রোববার ভোর ৫টার দিকে রায়পুর উপজেলার বাসাবাড়ি বাজারসংলগ্ন করিম বক্স বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাড়ির রফিক উল্যার ছেলে সোহেল পেট্রোল ঢেলে প্রথম নিজ ঘরে আগুন ধরিয়ে দেন। পরে মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নিয়ে আশপাশের ঘরবাড়ি ও দোকানে ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন অভিযুক্ত সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয়দের অভিযোগ, সোহেল দীর্ঘদিন ধরে চরম মাদকাসক্ত এবং মাদকের প্রভাবে তার এমন উন্মত্ত কর্মকাণ্ডের কারণেই এই ভয়াবহ সামাজিক বিপর্যয় ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ‘জাবের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’র মালিক জানান, আগুনে তার দোকানের বিপুল পরিমাণ মূল্যবান মালামাল পুড়ে গেছে। একই সঙ্গে দোকানের পেছনের বসতঘরটিও পুরোপুরি ভস্মীভূত হয়েছে। তারও দাবি, পেছনের ঘরে থাকা সোহেলই ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রায়পুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ভোর ৫টা ১০ মিনিটের দিকে তারা অগ্নিকাণ্ডের খবর পান। স্থানীয়দের কাছে ফায়ার সার্ভিসের সরাসরি নম্বর না থাকায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে রায়পুরের ২টি ও লক্ষ্মীপুর সদরের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

স্থানীয়দের মতে, ঘটনাটি কেবল একটি অগ্নিকাণ্ড নয়; এটি মাদকের ভয়াবহ সামাজিক অভিশাপের চরম উদাহরণ। একজন মাদকাসক্ত ব্যক্তির অপরাধমূলক কর্মকাণ্ডে ১৭টি পরিবার এক মুহূর্তে নিঃস্ব হয়ে গেছে। ঘটনার পর দুর্ঘটনাস্থলে পুড়ে যাওয়া ঘরবাড়ি ও দোকানের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। স্বজন ও ক্ষতিগ্রস্তদের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়; বহু পরিবার এখন খোলা আকাশের নিচে আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার, ওসি নিজামউদ্দিন ভূঁইয়া এবং উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন