অস্ট্রেলিয়ায় দেড় বিলিয়ন ডলারের ট্রাম্প টাওয়ার প্রকল্প বাতিল

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

অস্ট্রেলিয়ায় দেড় বিলিয়ন ডলারের ট্রাম্প টাওয়ার প্রকল্প বাতিল

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে প্রস্তাবিত ১.৫ বিলিয়ন ডলারের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ার গোল্ড কোস্ট নির্মাণ পরিকল্পনা ভেস্তে গেছে। স্থানীয় ডেভেলপার আলটাস প্রপার্টি গ্রুপ দাবি করেছে, ট্রাম্প ব্র্যান্ড এখন অস্ট্রেলিয়ানদের কাছে “বিষাক্ত” হয়ে উঠেছে। অন্যদিকে ট্রাম্প অর্গানাইজেশনের এক্সিকিউটিভ অভিযোগ করেছে, তাদের অংশীদার কেবল “ফাঁকা প্রতিশ্রুতি” দিয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে এরিক ট্রাম্প এবং আল্টাস প্রপার্টি গ্রুপের ডেভিড ইয়ং ফ্লোরিডার মার-এ-লাগোতে বৈঠক করেন। পরে ইয়ং সামাজিক মাধ্যমে ট্রাম্প ব্র্যান্ডকে “বিলাসিতা ও গুণমানের প্রতীক” হিসেবে বর্ণনা করে গোল্ড কোস্টে দেশের সবচেয়ে উঁচু টাওয়ার নির্মাণের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

এরিক ট্রাম্পও সামাজিক মাধ্যমে লিখেছিলেন, “অস্ট্রেলিয়ার সবচেয়ে উঁচু ভবন হতে যাচ্ছে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ার গোল্ড কোস্ট।” প্রস্তাবিত প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল প্রায় ১.৫ বিলিয়ন ডলার।

তবে তিন মাসের মধ্যেই দুই পক্ষের সম্পর্কের অবনতি ঘটে। মঙ্গলবার রাতে ডেভিড ইয়ং লিংকডইনে পোস্ট দিয়ে জানান, তাদের প্রতিষ্ঠান ট্রাম্প ব্র্যান্ডের টাওয়ার নির্মাণ পরিকল্পনা থেকে সরে এসেছে। তিনি দাবি করেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে ট্রাম্প ব্র্যান্ড এখন অস্ট্রেলিয়ানদের কাছে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে।

ইয়ং বলেন, ট্রাম্প পরিবারের সঙ্গে তার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। এটি পুরোপুরি ব্যবসায়িক সিদ্ধান্ত। তিনি আরও দাবি করেন, “চাঞ্চল্যকর সংবাদ পরিবেশন” বিষয়টিকে অতিরঞ্জিত করেছে।

তবে ট্রাম্প অর্গানাইজেশন পাল্টা বিবৃতিতে জানায়, আল্টাস চুক্তির মৌলিক আর্থিক শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, “মাসের পর মাস আলোচনা এবং একের পর এক ফাঁকা প্রতিশ্রুতির পরও আল্টাস আর্থিক দায়বদ্ধতা পূরণ করতে পারেনি।”

অন্যদিকে ইয়ং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি এবং ব্যবসায়িক বাস্তবতা বিবেচনায় তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রস্তাবিত এই টাওয়ারটি কুইন্সল্যান্ডের সার্ফার্স প্যারাডাইস এলাকায় নির্মাণের কথা ছিল। যদিও বুধবার পর্যন্ত আল্টাসের ওয়েবসাইটে প্রকল্পটি সক্রিয় তালিকায় ছিল এবং সেখানে দাবি করা হয়, প্রাথমিক অনুমোদন মিলেছে ও আগস্টে নির্মাণকাজ শুরু হওয়ার কথা।

তবে গোল্ড কোস্টের মেয়র টম টেট জানান, সিটি কাউন্সিলের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক আবেদন জমা পড়েনি। তিনি বলেন, “এটি ছিল দুটি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে একটি ব্যবসায়িক চুক্তি।”

গ্রিফিথ ইউনিভার্সিটিরর পরিকল্পনা বিভাগের ইমেরিটাস অধ্যাপক পল বার্টন বলেন, গোল্ড কোস্টে এর আগেও অনেক উচ্চাভিলাষী টাওয়ার প্রকল্প বাস্তবায়নের আগেই থেমে গেছে। তার মতে, এমন প্রকল্পের জন্য অনুমোদন ও অর্থায়ন নিশ্চিত করা অত্যন্ত কঠিন।

বার্টন আরও বলেন, আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে সহজেই আকর্ষণীয় ভবনের নকশা তৈরি করা গেলেও বাস্তবে নির্মাণের জন্য বড় ধরনের অর্থায়ন ও আর্থিক বিশ্বাসযোগ্যতা প্রয়োজন। তার ভাষায়, “সবকিছু ভেস্তে যাওয়াই ছিল সবচেয়ে সম্ভাব্য পরিণতি।”

এমপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...