যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত আলোচনায় চীনা বৈদ্যুতিক গাড়ি (ইভি) মার্কিন বাজারে প্রবেশের বিষয়ে বড় কোনো চুক্তি হয়নি। তবে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, ভবিষ্যতে কোনো না কোনো উপায়ে চীনা ইভি যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারে।
সম্মেলনের আগে কয়েকজন বিশ্লেষক দুই দেশের মধ্যে এ বিষয়ে সমঝোতার সম্ভাবনা দেখালেও শেষ পর্যন্ত তা হয়নি। তবে, বৈশ্বিক বাজারে চীনা গাড়ি নির্মাতাদের ক্রমবর্ধমান উপস্থিতি এবং তুলনামূলক কম দামের গাড়ির প্রতি মার্কিন ভোক্তাদের আগ্রহকে সম্ভাব্য বাজার প্রবেশের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন তারা।
চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিওয়াইডি যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ খুঁজছে। প্রতিষ্ঠানটি ২০২৬ সালে বিদেশে ২০ লাখ গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ব্রাজিল ও ইউরোপের বাজারে শক্তিশালী বিক্রির পর আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণে আরও জোর দিচ্ছে তারা।
চীনা ইভি নির্মাতারা গাড়ির ধরনও বৈচিত্র্যময় করছে। ইউরোপের বাজারে রোবোভ্যানের মতো নতুন ধরনের যান পরীক্ষার মাধ্যমে তারা বৈশ্বিক সম্প্রসারণের কৌশল আরও বিস্তৃত করছে।
বিশ্লেষকদের মতে, তুলনামূলক কম দাম, প্রযুক্তিগত সক্ষমতা এবং বড় পরিসরে উৎপাদনের ক্ষমতা চীনা ইভি নির্মাতাদের বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করেছে। যুক্তরাষ্ট্রেও মূল্যস্ফীতি ও জ্বালানি ব্যয় বৃদ্ধির কারণে সাশ্রয়ী পরিবহনের চাহিদা বাড়ছে। বিশেষ করে তরুণ মার্কিন ভোক্তাদের মধ্যে চীনা বৈদ্যুতিক গাড়ি ও সংশ্লিষ্ট প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি হচ্ছে বলে তারা মনে করছেন।
এদিকে, চীনের গাড়ি শিল্পে একীভূতকরণ ও প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি বিওয়াইডির উচ্চাভিলাষী আন্তর্জাতিক বিক্রয় লক্ষ্যমাত্রা দেশটির গাড়ি নির্মাতাদের বৈশ্বিক বাজার সম্প্রসারণের প্রচেষ্টা আরও জোরালো হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: নিক্কেই এশিয়া
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


