৪৬ বছর বয়সে আবারও ফুটবলের মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। এক দশকেরও বেশি সময় আগে পেশাদার ফুটবল থেকে বিদায় নেওয়া এই তারকা গত জুনে ইতালির তৃতীয় সারির ক্লাব রাভেনার সঙ্গে চুক্তি করেন। এবার নতুন মৌসুমের দল ঘোষণার অনুষ্ঠানে ক্লাবটির ১০ নম্বর জার্সিতে আনুষ্ঠানিকভাবে হাজির হয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাভেনার আয়োজনে রোনালদিনহোকে বরণ করে নিতে উপস্থিত ছিলেন প্রায় ছয় হাজার সমর্থক। বৃষ্টি উপেক্ষা করে পতাকা ও ফ্লেয়ার হাতে ভক্তদের উচ্ছ্বাসে দিনটি হয়ে ওঠে উৎসবমুখর। সমর্থকেরা দিনটির নাম দিয়েছেন ‘রোনালদিনহো ডে’।
নতুন অধ্যায় নিয়ে রোনালদিনহো বলেন, ‘বন্ধুদের সঙ্গে এখানে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। তবে দেখা যাক, দলের সঙ্গে সবকিছু কেমন যায়।’ মাঠে ফেরার সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ঠিক জানি না, এটা প্রেসিডেন্ট ও কোচের ওপর নির্ভর করছে।’
আগামী সোমবার রেজ্জিও এমিলিয়ায় রাভেনার প্রথম সিরি সি ম্যাচে অবশ্য খেলবেন না তিনি। পুরো মৌসুমে কতটা সময় মাঠে থাকবেন, সেটিও এখনো নিশ্চিত নয়। তবে ক্লাব সভাপতি সিপ্রিয়ানির আশা, রাভেনার জার্সিতেই ক্যারিয়ারের শেষ গোলটি করবেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।
রোনালদিনহো বলেন, ‘যদি এমনটা হয়, তবে তো আরও ভালো, তাই না? আমাদের মধ্যকার বন্ধুত্বের টানেই আমি এখানে এসেছি। এখন দেখা যাক দল কেমন করে... আমি কেবল দলকে সাহায্য করতেই এসেছি।’
২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ফুটবল খেলেছিলেন রোনালদিনহো। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে খেলার সুবাদে ইতালিতে এটি তাঁর দ্বিতীয় অধ্যায়। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০০৫ সালে ব্যালন ডি’অরও জয় করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

