মৌলভীবাজারের কুলাউড়ায় পর্তুগাল প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। সুমাইয়া আক্তার (২০) নামের ওই নারীর লাশ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কুলাউড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাগুরা এলাকার আলিশান হাউসের একটি ফ্ল্যাটে পর্তুগাল প্রবাসী শাওন রহমান তার স্ত্রী সুমাইয়া আক্তারসহ বসবাস করতেন।
রোববার শাওন রহমান ও তার স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়। পরে শাওন রহমান ফার্নিচার কিনতে বাসার বাইরে শহরের একটি দোকানে যান। সেখান থেকে দুপুরে ফিরে এসে দেখেন বাসার বাইরের দরজা খোলা থাকলেও বেডরুমের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে।
অনেক ডাকাডাকির পর সুমাইয়ার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে প্রবাসী স্বামী দেখতে পান তার স্ত্রীর লাশ ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে।
পরে স্বজনেরাসহ তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কুলাউড়া থানার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু আফসার আমার দেশকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

