তীব্র তাপপ্রবাহ

ইউরোপে আজ ৩৫ ডিগ্রির বেশি তাপমাত্রার মুখোমুখি ১৯ কোটি মানুষ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইউরোপে আজ ৩৫ ডিগ্রির বেশি তাপমাত্রার মুখোমুখি ১৯ কোটি মানুষ

ইউরোপজুড়ে চলছে তীব্র দাবদাহ। আজ রোববারের (২৮ জুন) পূর্বাভাস অনুযায়ী, মহাদেশটির অন্তত ১৯ কোটি ১০ লাখ মানুষকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপর তীব্র তাপমাত্রা সহ্য করতে হচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই তাপপ্রবাহের তীব্রতা বিশেষ করে জার্মানি, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি এবং পোল্যান্ডে সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে।

বিজ্ঞাপন

জার্মান আবহাওয়া দপ্তর এবং অস্ট্রিয়ার এনজিও 'ক্লাইমেটড্যাশবোর্ড'-এর জনসংখ্যা সংক্রান্ত যৌথ গবেষণা ডাটা বিশ্লেষণ করে জানা গেছে, তুরস্ক বাদে সামগ্রিকভাবে ইউরোপের প্রায় ৩৮ কোটি ১০ লাখ মানুষ ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখোমুখি হতে যাচ্ছেন।

পূর্বাভাস অনুযায়ী, আজ রোববার পোল্যান্ড, হাঙ্গেরি এবং চেক প্রজাতন্ত্রের প্রায় পুরো অংশেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। এর পাশাপাশি জার্মানির বার্লিন এলাকাসহ দেশটির প্রায় ৪ কোটি ২০ লাখ মানুষ এই তীব্র গরমের কবলে পড়বেন। এছাড়া স্লোভাকিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, ইতালি, অস্ট্রিয়া এবং ইউক্রেনের পশ্চিমাঞ্চলেও এর প্রভাব পড়বে। অন্যদিকে, ফ্রান্সের মূল ভূখণ্ডে আজ সন্ধ্যার দিকে আবহাওয়া সংক্রান্ত ‘রেড অ্যালার্ট’ বা সর্বোচ্চ সতর্কতা তুলে নেওয়ার কথা থাকলেও, সেখানকার প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ এই গরমে ভুগছেন।

এই পরিসংখ্যানগুলো তৈরি করতে এএফপি জনসংখ্যা ঘনত্বের তথ্যের সঙ্গে জার্মান আবহাওয়া দপ্তরের (ডিডব্লিউডি) আবহাওয়া মডেলের সমন্বয় করেছে। কোনো নির্দিষ্ট এলাকায় তাপমাত্রা ৩০ বা ৩৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলেই সেখানকার বাসিন্দাদের এই হিসাবের আওতাভুক্ত করা হয়েছে।

তবে জলবায়ু গবেষকদের মতে, এই সংখ্যার চেয়েও বাস্তবে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। ক্লাইমেটড্যাশবোর্ডের ডেভিড জাবলোনস্কি এএফপিকে জানান, এই আবহাওয়া মডেলটি প্রায় সাড়ে ৬ কিলোমিটার এলাকার নিখুঁত হিসাব দিলেও ঘনবসতিপূর্ণ শহরের ‘আর্বান হিট আইল্যান্ড’ (যেখানে দালানকোঠা ও কংক্রিটের কারণে তাপমাত্রা চারপাশের চেয়ে অনেক বেশি থাকে) বা স্থানীয় অতিরিক্ত গরমের প্রভাব পুরোপুরি তুলে ধরতে পারে না। ফলে শহরাঞ্চলের প্রকৃত ভুক্তভোগী মানুষের সংখ্যা এই হিসাবের চেয়ে আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...