পারমাণবিক আইসব্রেকারে চড়ে বাংলাদেশি শিক্ষার্থীর উত্তর মেরু অভিযান

পারমাণবিক আইসব্রেকারে চড়ে বাংলাদেশি শিক্ষার্থীর উত্তর মেরু অভিযান
ছবি: সংগৃহীত।

রাশিয়ার পারমাণবিক আইসব্রেকার জাহাজ ‘৫০ লিয়েত পাবেদি’তে চড়ে উত্তর মেরু অভিযান সম্পন্ন করেছে রাজশাহী ক্যাডেট কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মালেকুল সালেহীন প্রত্যয়। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রসাটমের ‘আইসব্রেকার অব নলেজ’ কর্মসূচির সপ্তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও শিক্ষামূলক অভিযানে ২২ দেশের শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন তিনি।

১০ দিনের এ অভিযানে মুরমানস্ক থেকে উত্তর মেরু, ফ্রাঞ্জ জোসেফ ল্যান্ড হয়ে আবার মুরমানস্কে ফেরে দলটি। অভিযানে শিক্ষার্থীরা সামুদ্রিক জীববিজ্ঞান, পারমাণবিক পদার্থবিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে হাতে-কলমে শিক্ষা নেন। রেডিওসন্ডে উৎক্ষেপণ ও স্ট্র্যাটোস্ফেরিক প্ল্যাটফর্ম পরীক্ষাসহ বিভিন্ন বৈজ্ঞানিক কার্যক্রমেও অংশ নেন তারা।

বিজ্ঞাপন

অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীদের বয়স ছিল ১৪ থেকে ১৬ বছর।

প্রত্যয় এর আগে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান প্রতিযোগিতা, কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা, আন্তর্জাতিক ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ এবং বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডে সাফল্য অর্জন করেছে।

রসাটমের তথ্য অনুযায়ী, ‘আইসব্রেকার অব নলেজ’ কর্মসূচির সাত মৌসুমে বিভিন্ন দেশের ৪৭০ জনের বেশি শিক্ষার্থী আর্কটিক ও উত্তর মেরু ভ্রমণের সুযোগ পেয়েছে। বর্তমানে রাশিয়াই বিশ্বের একমাত্র দেশ, যার রয়েছে পারমাণবিকচালিত আইসব্রেকারের বহর।

গত ২৩ জুন মস্কোর মিউজিয়াম অব অ্যাটমিক এনার্জিতে এই প্রকল্পের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন