ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের প্রতিবাদে উত্তাল কলম্বিয়া

ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের প্রতিবাদে উত্তাল কলম্বিয়া
ছবি: এএফপি

ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কলম্বিয়ার রাজধানী বোগোটায় বিক্ষোভ করেছেন শত শত মানুষ। গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধেও তারা প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

বুধবার বোগোটায় এ বিক্ষোভ হয়। নতুন কট্টর ডানপন্থি সরকারের ইসরাইলনীতি এবং ইসরাইলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সিদ্ধান্তের বিরোধিতা করেন বিক্ষোভকারীরা।

ইসরাইলি দূতাবাসের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার সিদ্ধান্তের সমালোচনা করেন। তার সরকার জেরুজালেমে নতুন একটি কলম্বিয়ান দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরাইলে হামলার তিন বছর পূর্তি উপলক্ষে এ বিক্ষোভ হয়। ওই হামলার পর ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরু করে।

বিক্ষোভে অংশ নেওয়া নিকোলাস ইসাজা আল-জাজিরাকে বলেন, ‘ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সময় বার্তা ছিল, আমরা তাদের নৃশংসতার সঙ্গে জড়িত কোনো দেশ হব না।’

তিনি বলেন, ‘আজ আমাদের সরকার ফিলিস্তিনে সংঘটিত নৃশংসতার বিরুদ্ধে আর কোনো অবস্থান নিচ্ছে না।’

আগস্টে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন দে লা এসপ্রিয়েলা। নির্বাচনি প্রচারের সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দেশটির সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে এই সম্পর্ককে কাজে লাগানোর কথা বলেছিলেন তিনি।

এর পর সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর আমলে ছিন্ন হওয়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করে নতুন সরকার। পেত্রো গাজায় ইসরাইলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেছিলেন। তার সরকার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি দেশটি থেকে অস্ত্র আমদানিও বন্ধ করেছিল।

নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার কয়েক দিন পরই কলম্বিয়া অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্বের দাবিকেও স্বীকৃতি দেয়।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন