প্রায় ৫০ বছর পর সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর ফলে সিরিয়ার ওপর থাকা ব্যাপক মার্কিন নিষেধাজ্ঞা শিথিল এবং দেশটির বৈশ্বিক অর্থনীতিতে পুনঃএকীভূত হওয়ার পথ আরো প্রশস্ত হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের পর গত ৮ জুলাই পররাষ্ট্র দপ্তর বিষয়টি কংগ্রেসকে জানায়। আইন অনুযায়ী ৪৫ দিনের পর্যালোচনা শেষে শনিবার সময়সীমা শেষ হবে। কংগ্রেস বাধা না দিলে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন।
১৯৭৯ সালে সিরিয়াকে প্রথম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এরপর কয়েক দফায় দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিশেষ করে ২০১১ সালে সিরিয়ার গণঅভ্যুত্থান ও পরবর্তী গৃহযুদ্ধের পর নিষেধাজ্ঞা আরো ব্যাপক হয়।
তবে তালিকা থেকে বাদ পড়লেও সিরিয়ার ওপর থেকে সব মার্কিন নিষেধাজ্ঞা উঠে যাবে না। সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা বহাল থাকবে।
সূত্র: আল জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


