ছাগলনাইয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩

ছাগলনাইয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩
ছবি: আমার দেশ

ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যান দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কাভার্ড ভ্যানের চালক ও হেলপার এবং ইউনিক পরিবহনের বাসচালক রয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া থানাধীন পুরাতন মুহুরীগঞ্জ এলাকার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ইউনিক পরিবহন বাসের চালক আবুল হোসেন (৬২)। তিনি ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীর ৫০ ওয়ার্ডের মৃত শফি মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

অপরজন কাভার্ড ভ্যানের চালক আবদুর রহিম (৫৫)। তার বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী থানার ৫নং ওয়ার্ডের খোয়াসনগর এলাকায়। তিনি ওই এলাকার ছফর আলীর ছেলে। নিহত আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।

ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে ছিল। পরে সেটিকে একটি লং ভেহিকলের সঙ্গে বেঁধে রাস্তা থেকে সরানোর চেষ্টা করা হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের একটি বাস কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ও হেলপার এবং ইউনিক পরিবহনের বাসচালক নিহত হন। আহতদের মধ্যে একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন