চবিতে ৫ শতাধিক নারী শিক্ষার্থী পেল ফ্রি চিকিৎসাসেবা

চবিতে ৫ শতাধিক নারী শিক্ষার্থী পেল ফ্রি চিকিৎসাসেবা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের পাঁচ শতাধিক নারী শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হলটির ডাইনিংয়ে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়। হল সংসদের ভিপি সুমাইয়া নুসরাত ও জিএস নাজিফা তাসফিয়াহর উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, ক্যাম্পে দুইজন চর্মরোগ বিশেষজ্ঞ (ডার্মাটোলজিস্ট), একজন মেডিসিন বিশেষজ্ঞ ও একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ (গাইনোকোলজিস্ট) চিকিৎসক সেবা দেন। পাশাপাশি একজন নিউট্রিশনিস্ট শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।

চিকিৎসাসেবা নিতে আসা শিক্ষার্থীরা বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেন। নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া হল সংসদের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ও চিকিৎসক ডা. জান্নাতুন নাঈম হক, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতাসহ সংশ্লিষ্টরা।

হল সংসদের ভিপি সুমাইয়া নুসরাত বলেন, ‘শিক্ষার্থীদের জন্য এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা আমাদের অন্যতম ইশতেহার ছিল। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে আমরা আনন্দিত। আমাদের বোনেরা নিজেদের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা নিয়ে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ পেয়েছেন।’

তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ও টিকিউএম ডা. জান্নাতুন নাঈম হক বলেন, শিক্ষার্থীরা পড়াশোনা, টিউশনসহ নানা কাজে ব্যস্ত থাকায় অনেক সময় নিজেদের স্বাস্থ্যের প্রতি যথাযথ যত্ন নিতে পারেন না।

তিনি বলেন, ‘এ ক্ষেত্রে এই ফ্রি মেডিকেল ক্যাম্প তাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে মেট্রোপলিটন হাসপাতাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থাকবে।’

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন