অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতিতে উৎপাদিত পণ্য আমদানির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন নেদারল্যান্ডসের ফিলিস্থিনপন্থি আন্দোলনকারীরা। এসব বসতিতে তৈরি উৎপাদিত আমদানি পণ্য বিতরণকেন্দ্রের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা।
এসময় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরাইলি বসতিতে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান তারা।
ডাচ ইভানজেলিক্যাল সংগঠন ‘ক্রিশ্চিয়ানস ফর ইসরাইল’ পরিচালিত ‘ইসরাইল প্রোডাক্ট সেন্টার’-এর সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, সংগঠনটি ইসরাইলি বসতিগুলোতে কোটি কোটি ডলার অনুদান দিয়ে আসছে।
বিক্ষোভকারী মারিজ ভ্যান ডেউটেকম আল জাজিরাকে বলেন, ‘মানুষ এখনো এমন পণ্য বিক্রি করছে—এটা বিশ্বাস করাই কঠিন। এসব পণ্য দখল করা জমিতে উৎপাদিত হচ্ছে। এটি একটি অধিকৃত ভূখণ্ড।’
অবৈধ ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা চারটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের একটি নেদারল্যান্ডস। স্পেন ইতোমধ্যে এ ধরনের পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়া আয়ারল্যান্ড ও বেলজিয়ামও বাণিজ্য নিষেধাজ্ঞার বিষয়ে আইন প্রণয়ন করেছে।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর জোট হিসেবে এ বিষয়ে নিজস্ব পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত অবশ্য বছরের শেষ দিকে পিছিয়ে দেওয়া হয়েছে।
নেদারল্যান্ডসের নিষেধাজ্ঞা আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
সূত্র: আর জাজিরা
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


