চরের জমির ভাড়া চান প্রতি একর ২০ হাজার টাকা

চর দখল করতে গিয়ে কৃষকের বাধার মুখে বিএনপি নেতারা

চর দখল করতে গিয়ে কৃষকের বাধার মুখে বিএনপি নেতারা
ছবি: আমার দেশ

লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের মেঘনা নদীতে জেগে ওঠা একটি চর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। তবে স্থানীয় কৃষকদের বাধার মুখে শেষ পর্যন্ত সেখান থেকে ফিরে আসতে হয়েছে তাদের।‎

রোববার সকালে মজুচৌধুরীর হাট থেকে দুটি ট্রলারে করে দলবল নিয়ে মেঘনার চরে যান ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল কাদের, ইউনিয়ন বিএনপির সদস্য মো. রিপন ও মো. মিলন। দিনভর চরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও কৃষকদের বাধায় তারা সফল হননি।

বিজ্ঞাপন

‎স্থানীয়রা জানান, মেঘনা নদীতে জেগে ওঠা চরগুলো আগাছা পরিষ্কার করে চাষাবাদের উপযোগী করে তুলেছেন স্থানীয় কৃষকেরা। এসব জমিতে ধান, সয়াবিন ও বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। তবে চরগুলোতে দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের নজর রয়েছে। বিভিন্ন সময়ে ভোলা জেলার লোকজনও চর দখলের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ কৃষকদের।

‎চরের কৃষকদের অভিযোগ, একটি চর আবাদযোগ্য করে তোলার পর সেটির ওপর নজর পড়ে বিএনপি নেতা আবদুল কাদের, রিপন ও মিলনের। রোববার সকালে তারা অর্ধশত লোক ও দেশীয় অস্ত্র নিয়ে দুটি ট্রলারে করে চরে যাওয়ার চেষ্টা করেন। তবে চরে থাকা কৃষকেরা আগে থেকেই সতর্ক থাকায় তারা সেখানে ভিড়তে পারেননি।

‎পরে দুপুরের দিকে নৌ পুলিশ ও থানার পুলিশ নদীতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষকে বুঝিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।

‎কৃষকদের অভিযোগ, বিএনপি নেতারা চরের জমি ভাড়া দেওয়ার বিনিময়ে প্রতি একর ২০ হাজার টাকা দাবি করেছেন। এতে কৃষকেরা অপারগতা প্রকাশ করায় তাদের উচ্ছেদ করে চরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

‎তবে অভিযোগ অস্বীকার করেছেন চর রমনী মোহন ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাদের। তিনি বলেন, ‘আমাদের কিছু নেতাকর্মী চরে পিকনিক করতে গেছে। চর দখলের মতো কোনো ঘটনা ঘটেনি। ওই চর এখনো আওয়ামী লীগ-যুবলীগের দখলে রয়েছে। সেখানে সাধারণ কোনো কৃষক নেই। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।’

‎সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য দুই পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন