ফ্রান্সে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ-সহিংসতা, বন্ধ ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান

ফ্রান্সে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ-সহিংসতা, বন্ধ ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান
ছবি: সংগৃহীত

ফ্রান্সে গত সপ্তাহে শুরু হওয়া স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পুরো দেশে । বিক্ষোভ ক্রমশ সহিংস হয়ে ওঠায় প্রায় ৪০০টি ফরাসি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ স্কুল সময়, শ্রেণিকক্ষে অতিরিক্ত গরম, অবকাঠামোগত দুর্বলতা এবং শিক্ষক-কর্মীদের অনুপস্থিতিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দেশটির সরকার তাদের দাবিকে যৌক্তিক বললেও বিক্ষোভে সহিংসতার নিন্দা জানিয়েছে। এই আন্দোলন শুরুর জন্য কট্টর বামপন্থিদের দায়ী করেছে ফ্রান্স সরকার।

বিজ্ঞাপন

শুক্রবার প্যারিসে দুটি উচ্চবিদ্যালয়ের প্রবেশপথে আগুন দেওয়া হয়। রেন ও ব্রেস্টসহ বিভিন্ন শহরেও পুলিশের সঙ্গে উত্তেজনা দেখা দেয় এবং কোথাও কোথাও পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে। শিক্ষার্থীরা পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ করেছে।

দেশটির শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে জানান, আন্দোলন ঘিরে অন্তত ৬৫ জন স্কুলকর্মী ও ১৭০ শিক্ষার্থী আহত এবং শতাধিক স্কুলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেন, বিক্ষোভে অপ্রাপ্তবয়স্কদের কারণে ক্ষয়ক্ষতির জন্য অভিভাবকদের দায়ী করে ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নেওয়া হবে। আন্দোলন শুরুর পর প্রায় দুই হাজার বিক্ষোভকারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, যাদের ৯০ শতাংশই অপ্রাপ্তবয়স্ক।

এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে আন্দোলনটি রাজনৈতিক বিতর্কেরও জন্ম দিয়েছে। সরকার বামপন্থি দল লা ফ্রঁস ইনসুমিজের বিরুদ্ধে আন্দোলন উসকে দেওয়ার অভিযোগ তুললেও দলটির নেতা মানুয়েল বমপার অভিযোগটি ‘ষড়যন্ত্র তত্ত্ব’ বলে প্রত্যাখ্যান করেছেন।

সূত্র: ফ্রান্স২৪

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন