ফ্রান্সের বিক্ষোভে দেখা মিলল স্পাইডারম্যানসহ সব সুপারহিরোর

ফ্রান্সের বিক্ষোভে দেখা মিলল স্পাইডারম্যানসহ সব সুপারহিরোর
ছবি: সংগৃহীত

ফ্রান্সজুড়ে বিক্ষোভ করেছেন লাখ লাখ মানুষ । বিক্ষোভকারীদের সঙ্গে ফ্রান্সের রাজপথে নামে সুপারহিরোরাও। ব্ল্যাক প্যান্থার, ক্যাপ্টেন আমেরিকা, স্পাইডারম্যান, সুপারম্যান থেকে শুরু করে ডেডপুল—প্রায় সব সুপারহিরোই অংশ নেন বিক্ষোভে। ইউরোপের দেশটিতে চলমান বিক্ষোভের এমন দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে । কয়েক সপ্তাহ ধরে চলা এই আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সুপারহিরোদের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিভিন্ন ভিডিওতে দেখা যায়, সুপারহিরোর পোশাক পরা ব্যক্তিরা পুলিশের জলকামান ও কাঁদানে গ্যাসের মুখেও নিজেদের কর্মকাণ্ডের ভিডিও ধারণ করছেন। দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে, মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স’ যেন সত্যিই বিক্ষোভে যোগ দিতে নেমে এসেছে।

বিজ্ঞাপন

সম্প্রতি প্যারিসের একটি বিক্ষোভস্থলের ভিডিওতে ব্ল্যাক প্যান্থার ও ক্যাপ্টেন আমেরিকার পোশাকে দুজনকে নানা কসরত করতে দেখা যায়। তাদের ঘিরে থাকা বিক্ষোভকারীরা ছবি তুলছিলেন। একপর্যায়ে তারা স্লোগান দেন এবং আন্দোলনকারীদের মনোবল চাঙা করার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তাকর্মীদের ব্যারিকেড দিয়ে এলাকা পাহারা দিতে দেখা যায়।

বিক্ষোভকারীদের প্রস্তুতিও নজর কেড়েছে। বিভিন্ন ভিডিওতে দেখা যায়, পুলিশের অ্যাকশন থেকে নিজেদের রক্ষা করতে অধিকাংশ বিক্ষোভকারী মুখে মাস্ক, চোখে গগলস এবং মাথায় হেলমেট পরে রয়েছেন। পুলিশের লাঠিচার্জ কিংবা কাঁদানে গ্যাসের শেলের আঘাত থেকে সুরক্ষিত থাকতেই তাদের এমন প্রস্তুতি বলে ধারণা করা হচ্ছে।

এর আগে নেপোলিয়ন বোনাপার্ট ও ব্যাটম্যানের সাজে বিক্ষোভকারীদের অংশ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শিক্ষা খাতে বরাদ্দ কমে যাওয়াকে কেন্দ্র করে ফ্রান্সের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এতে প্রায় ৪ লাখ মানুষ রাজপথে নামেন এবং প্রায় ১ হাজার জনকে গ্রেপ্তার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে।

ফ্রান্সের পাশাপাশি ইতালি, আলবেনিয়া, স্পেন ও পর্তুগালসহ ইউরোপের আরও কয়েকটি দেশেও একই ধরনের বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অন্যান্য সংকট নিয়ে এসব দেশের মানুষ সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছেন।

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন