গত ২৪ ঘণ্টায় একাধিক দেশ সফর করে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি। বিশ্লেষকদের মতে, এই সফরগুলো একটি বৃহৎ কৌশলগত পরিকল্পনার অংশ। তার সফর শুরু হয় ইসলামাবাদ থেকে, এরপর তিনি ওমানের মাস্কাটে যান এবং সেখান থেকে আবার ইসলামাবাদে ফিরে আসেন।
এই ধারাবাহিক সফরের পর তিনি রাশিয়ায় যাওয়ার কথা রয়েছে। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক হবে। ওই বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এই কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ইরান স্পষ্টভাবে জানাতে চাইছে যে, তারা অঞ্চলে নিজেদের প্রভাব আরও সুসংহত করতে চায় এবং মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদারে আগ্রহী।
বিশেষ করে হরমুজ প্রণালী ইস্যুটি এই সফরে গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সম্ভাব্য অবরোধের প্রচেষ্টার বিরোধিতা করে ইরান জানিয়েছে, তারা এই প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখবে। আরাগচি বলেছেন, নিরাপদভাবে এই পথ পরিচালনার জন্য আলোচনা প্রয়োজন।
দীর্ঘদিনের কৌশলগত অংশীদার রাশিয়ার সমর্থন নিশ্চিত করাও এই সফরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। সামগ্রিকভাবে, ইরান জানাচ্ছে যে তারা সক্রিয় কূটনীতি চালিয়ে যাচ্ছে এবং সম্ভাব্য প্রত্যক্ষ বা পরোক্ষ আলোচনার আগে একটি অনুকূল পরিবেশ তৈরির চেষ্টা করছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

