ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। মার্কিন প্রযুক্তির 'প্যাট্রিয়ট' আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের তীব্র সংকটের কথা প্রকাশ করার পরপরই এই হামলার শিকার হলো কিয়েভ।
গতকাল শনিবার ভোরে এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ সামরিক বাহিনী।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভসহ বিভিন্ন লক্ষ্যবস্তু লক্ষ্য করে রাশিয়া মোট ৩৫টি ক্ষেপণাস্ত্র (যার মধ্যে ২৭টি ব্যালিস্টিক) এবং ১৮৫টি ড্রোন দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে। প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোনো প্রতিরক্ষামূলক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র অবশিষ্ট না থাকায় এই বিপুল ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি বলে জানান তিনি।
এদিকে এই সংকটের মধ্যেই ইউক্রেনকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করেছে ওয়াশিংটন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার বলেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমোদন দেওয়ার প্রস্তাবটিতে যুক্তরাষ্ট্র এখনো সায় দেয়নি। এ ধরনের সংবেদনশীল প্রযুক্তি অন্য কোনো দেশকে তৈরির অনুমতি দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে 'খুবই সতর্ক' থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

