নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ, দ্রুত বদলি আদেশ জারি এবং শতভাগ উৎসব ভাতার দাবিতে সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা।
শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ, এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বদলিপ্রক্রিয়া চালু এবং আগামী ঈদুল ফিতর থেকেই শতভাগ উৎসব ভাতা প্রদানের জোর দাবি জানান তারা।
এছাড়া এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি প্রত্যাহার এবং অযৌক্তিক হয়রানি বন্ধের দাবি জানান বক্তারা।
সমাবেশ থেকে দেশের ছয় লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তিন দফা দাবি বাস্তবায়নে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মহাসমাবেশে সর্বাত্মক অংশগ্রহণের ঘোষণা দেন শিক্ষক নেতারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

