যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষে গেলে তা হবে ঐতিহাসিক ভুল: জেলেনস্কি

যুক্তরাষ্ট্র রাশিয়ার পক্ষে গেলে তা হবে ঐতিহাসিক ভুল: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ নিলে তা হবে ‘ঐতিহাসিক ভুল’। তবে এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিত্র হিসেবে বিবেচনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বিজ্ঞাপন

রোববার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

জেলেনস্কি বলেন, ‘আমরা তাকে বিশ্বাস করতে চাই। আমি আশা করি, তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন। কারণ, আমার মনে হয়, এসব সিদ্ধান্তই ভুল। এগুলো আমাদের কোনো উপকার করবে না, যুক্তরাষ্ট্রেরও উপকার করবে না।’

শুক্রবার কংগ্রেসে পাস হওয়া রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা কার্যকরের ক্ষেত্রে ছাড় দেন ট্রাম্প। নির্বাহী আদেশে তিনি বলেন, এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের অনুকূলে। বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ার মধ্যে পুতিনের সঙ্গে রুশ ডিজেল সরবরাহের একটি চুক্তির কয়েক দিন পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। চুক্তির আওতায় বিশ্ববাজারে কয়েক লাখ টন রুশ ডিজেল ছাড়ার কথা রয়েছে।

জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বিনিময় কার্যক্রম সাময়িকভাবে ‘বন্ধ’ করে দেওয়া হয়েছিল। এতে ইউক্রেন আসন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে তথ্য পাওয়া থেকে বঞ্চিত হয়। এ ছাড়া জেটচালিত ড্রোন প্রতিহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ইউক্রেনীয় কর্মকর্তাদের ধারণা, স্টারলিংকের মালিকানা প্রতিষ্ঠান স্পেসএক্সের এ সিদ্ধান্তের পেছনে মার্কিন সরকারের বার্তা কাজ করেছে। তবে কয়েকদিন বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বিনিময় আবার চালু হয়েছে বলে জানান জেলেনস্কি। যদিও সামরিক কাজে ব্যবহৃত স্টারলিংকের সংস্করণ স্টারশিল্ড ব্যবহারে বিধিনিষেধ এখনো বহাল রয়েছে।

ট্রাম্প কিংবা স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক সরাসরি এ সিদ্ধান্ত নিয়েছেন কি না, জানতে চাইলে জেলেনস্কি বলেন, তিনি নিশ্চিত নন। তবে তার ধারণা, দুজনই এতে জড়িত ছিলেন। ট্রাম্প আগামীকাল বিধিনিষেধ তুলে নিলে আগের মতোই তাৎক্ষণিকভাবে স্টারলিংক কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ট্রাম্প বলেছিলেন, পুতিনের তুলনায় জেলেনস্কির সঙ্গে সমঝোতা করা বেশি কঠিন। জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তিনি সব সময় ‘খুবই সৎ’ ছিলেন।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন