মস্কোয় চার শতাধিক ড্রোন হামলা ইউক্রেনের, অধিকাংশই প্রতিহতের দাবি

মস্কোয় চার শতাধিক ড্রোন হামলা ইউক্রেনের, অধিকাংশই প্রতিহতের দাবি

ইউক্রেন গত রাতে রাশিয়ার মস্কো অঞ্চলের দিকে চার শতাধিক ড্রোন হামলা করেছে বলে জানিয়েছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। তিনি বলেন, এর বেশির ভাগই রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভূপাতিত করেছে। খবর বার্তা সংস্থা এএফপির।

বিজ্ঞাপন

সোমবার রাষ্ট্র সমর্থিত সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে দেওয়া এক পোস্টে সোবিয়ানিন বলেন, ‘স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত ইউক্রেনের চার শতাধিক ড্রোন মস্কো অঞ্চলের দিকে এগিয়ে আসে। এর বেশির ভাগই দূরবর্তী এলাকায় আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করেছে। মস্কোর কাছে পৌঁছানোর আগেই ৮৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে।’

ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। কিয়েভের দাবি, চার বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের ওপর রুশ হামলার জবাব হিসেবেই এসব অভিযান চালানো হচ্ছে।

এদিকে, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস জানিয়েছে, মস্কো অঞ্চলে বিস্ফোরণে তিন বিদেশিসহ ছয়জন আহত হয়েছেন।

ডোমোদেদোভো হাসপাতালের বরাত দিয়ে তাস জানায়, ‘বিস্ফোরণে আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন বিদেশি নাগরিক।’

তবে, আহতদের ঘটনাটি ড্রোন হামলার সঙ্গে সরাসরি সম্পর্কিত কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ডোমোদেদোভো মস্কোর দক্ষিণে অবস্থিত। সেখানে রাশিয়ার রাজধানী মস্কোর অন্যতম আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন