ইউরোপজুড়ে চলমান রেকর্ড ভাঙা তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায় ৬৮ হাজার পরিবার বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান দাবদাহের কারণে দেশটির সাম্প্রতিক সময়ে প্রথম বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় এটি।
ফ্রান্সের উপকূলীয় ফিনিস্তের বিভাগের প্রশাসন এক বিবৃতিতে জানায়, বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার একটি ট্রান্সফরমারে ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার সঙ্গে ঘটনাটির সম্পর্ক রয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার রাত প্রায় ৯টার দিকে ব্রিটানি অঞ্চলের কিম্পের শহরের কাছে এরগে-গাবেরিক কমিউনে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ সংস্থা আরটিই এবং এনেদিসের কর্মীরা রাতভর মেরামত কাজ চালালেও বুধবারের শেষ নাগাদ পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার রাতের দিকে ফ্রান্সজুড়ে সর্বোচ্চ ১ লাখ ৬ হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। একই সময়ে দেশটি চলমান তাপপ্রবাহের কারণে বছরের সবচেয়ে উষ্ণ দিনের মুখোমুখি হন।
আরটিই জানিয়েছে, কারিগরি জটিলতার কারণে ক্ষতিগ্রস্ত সব পরিবারকে দিনের মধ্যে পুনরায় বিদ্যুতের সংযোগ দেওয়া সম্ভব হবে না। পরিস্থিতি স্বাভাবিক হতে অন্তত বুধবার দিনের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
ফ্রান্সের ৫৮টি বিভাগের মধ্যে একটি ফিনিস্তের, যেখানে চরম তাপপ্রবাহের কারণে সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ব্রিটানি থেকে প্যারিস অঞ্চল পর্যন্ত বিভিন্ন এলাকায় বুধবার তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বায়ুমণ্ডলীয় চাপ ও বায়ুপ্রবাহের বিশেষ ধরনের অবস্থানের কারণে গরম বাতাস কয়েক দিন ধরে একই এলাকায় আটকে থাকছে। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে এ ধরনের চরম আবহাওয়া আরও তীব্র ও ঘন ঘন দেখা দিচ্ছে।
সূত্র: এএফপি
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


