জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের কম সুযোগ পাওয়া নিয়ে আলোচনার একপর্যায়ে সংসদের পুরোনো স্মৃতির রোমন্থন করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি জানান, অতীতে প্রশ্ন জমা দেওয়ার জন্য মন্ত্রী ও সংসদ সদস্যরা আগের রাতেই অফিসের সামনে বিছানাপত্র নিয়ে অবস্থান করতেন।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে এই স্মৃতিচারণ করেন স্পিকার।
সংসদে প্রশ্ন জমা দেওয়ার কঠিন প্রতিযোগিতার কথা তুলে ধরে স্পিকার বলেন, ‘আমার পরিষ্কার মনে আছে, অতীতে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বিছানাপত্র নিয়ে আগের রাতেই প্রশ্ন জমা দেওয়ার অফিসের সামনে পজিশন নিতেন। আরও দুই-একজন সদস্য আছেন, যারা আগের রাতে সেখানে শুয়ে থাকতেন। এ ছাড়া অনেক সদস্য তাদের প্রাইভেট সেক্রেটারিকে সেখানে পাঠাতেন।’
সংসদ সদস্যরা আগে থেকেই এসে নিজেদের অগ্রাধিকার বা সিরিয়াল নিশ্চিত করেন জানিয়ে তিনি বলেন, প্রশ্ন জমা দেওয়ার এই দীর্ঘ ঐতিহ্য ও নিয়ম মেনে বিরোধী দলের সদস্যদেরও আগেভাগেই প্রশ্ন জমা দেওয়ার চেষ্টা করার পরামর্শ দেন স্পিকার। একই সঙ্গে বিষয়টি ভবিষ্যতে যথাযথভাবে বিবেচনা করার আশ্বাসও দেন তিনি।
এর আগে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি জানান, প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য নির্ধারিত তারকা চিহ্নিত সবকটি প্রশ্নই এবার সরকারি দলের সদস্যদের মধ্য থেকে এসেছে।
নাহিদ ইসলাম বলেন, ‘আজ প্রধানমন্ত্রীর জন্য যে প্রশ্নোত্তর রাখা হয়েছে, সেখানে আটটি তারকা চিহ্নিত প্রশ্নই সরকারি দলীয় সংসদ সদস্যদের। বিরোধী দলের সংসদ সদস্যরাও প্রশ্ন জমা দিয়েছিলেন। কিন্তু আগে আপনি (স্পিকার) আমাদের চারটি সুযোগ দিলেও আজকে আটটির সবগুলোই ছিল সরকারি দলের সংসদ সদস্যদের।’
সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বিরোধী দলের সংসদ সদস্যরা যত বেশি প্রশ্ন করার সুযোগ পাবেন, সংসদের জবাবদিহিতার সংস্কৃতি তত বেশি শক্ত হবে। ভবিষ্যতে বিষয়টি বিশেষভাবে দেখার জন্য স্পিকারের প্রতি অনুরোধ জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


