শিক্ষামন্ত্রীর আলোচনার আমন্ত্রণের মধ্যেই ফ্রান্সজুড়ে ফের শিক্ষার্থীদের স্কুল অবরোধ

শিক্ষামন্ত্রীর আলোচনার আমন্ত্রণের মধ্যেই ফ্রান্সজুড়ে ফের শিক্ষার্থীদের স্কুল অবরোধ
ছবি: সংগৃহীত।

শিক্ষাখাতে আরও সম্পদ ও সুযোগ বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার ফের ফ্রান্সের বিভিন্ন স্থানে সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান অবরোধ করেছে উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে। খবর রয়টার্স।

বিজ্ঞাপন

স্থানীয় সংবাদমাধ্যম ল্য পারিসিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টায় তিনটি শিক্ষার্থী সংগঠন—ইউনিয়ন সিন্ডিকাল লিসেয়েন, রেনুভো লিসেয়েন ও লিসেয়েনস!—এর প্রতিনিধিদের শিক্ষা মন্ত্রণালয়ে ডাকা হয়েছে। বৈঠকে উচ্চশিক্ষামন্ত্রী ফিলিপ বাতিস্তেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নো অক্টোবরের শেষ নাগাদ শিক্ষাখাতে প্রাথমিক কিছু পদক্ষেপ ঘোষণা করার প্রতিশ্রুতি দেওয়ার পরও আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।

প্যারিসের কয়েকটি স্কুলে শিক্ষার্থীরা অবরোধ করে। অবরোধের কারণে প্যানথেয়ন-আসাস বিশ্ববিদ্যালয়ে সকালের ক্লাস বাতিল করা হয়। আর বিশৃঙ্খলার আশঙ্কায় লুমিয়ের লিওঁ-২ বিশ্ববিদ্যালয় এই দিনের জন্য তাদের তিনটি ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে।

অ্যাঞ্জার্স শহরের কয়েকটি উচ্চমাধ্যমিক স্কুলেও অবরোধের খবর পাওয়া গেছে। সেখানে আগুন দেওয়া আবর্জনার পাত্র নেভাতে দমকল বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ২২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ এবং আরও ১৫১টি আংশিকভাবে কার্যক্রম ব্যাহত হওয়ার কথা ছিল। বুধবার একই সময়ে যে সংখ্যক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল, তার তুলনায় বৃহস্পতিবারের সংখ্যা প্রায় ৩০ শতাংশ কম।

আন্দোলনকারী শিক্ষার্থী সংগঠনগুলো ইল-দ্য-ফ্রঁস অঞ্চলের বিভিন্ন প্রিফেকচারের সামনে সমাবেশের ডাক দিয়েছে। পরে বিকেল ৩টায় প্যারিসের প্লাস দ্য লা বাস্তিয়েতে বড় জমায়েতের কর্মসূচি রয়েছে। স্নেস-এফএসইউ, সিজিটি, এফও ও সুদের মতো কয়েকটি শিক্ষা ইউনিয়নও ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচিতে সমর্থন জানিয়েছে।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত ২ লাখ ৫০ হাজার আসন তৈরি এবং ‘পারকুরসুপ’ ভর্তি প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া বন্ধ করা।

ইউনিয়ন সিন্ডিকাল লিসেয়েনের সভাপতি রিয়াদ রানি আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী লেকর্নোর সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছেন। তার দাবি, শিক্ষার্থীদের পক্ষ থেকে ব্যয়ের হিসাবসহ নির্দিষ্ট কিছু প্রস্তাব তৈরি করা হয়েছে।

এদিকে, জাতীয় পরিষদের স্পিকার ইয়ায়েল ব্রাউন-পিভে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়গুলো নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

সরকারের মুখপাত্র মদ ব্রেজোঁ সরকারের শিক্ষা পরিকল্পনার পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, আগামী বছর জাতীয় শিক্ষাব্যবস্থার জন্য ৬৪ বিলিয়ন ইউরো বা প্রায় ৭২ বিলিয়ন ডলারবরাদ্দ রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...