শিক্ষার্থীদের হুমকি দেওয়ার সাহস আপনারা কোথায় পান: রাহুল গান্ধী

শিক্ষার্থীদের হুমকি দেওয়ার সাহস আপনারা কোথায় পান: রাহুল গান্ধী
ছবি: সংগৃহীত

ভারতে চলমান বিক্ষোভে অংশ না নিতে শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়। এর বিরুদ্ধে শুক্রবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

দিল্লি বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার সামাজিকমাধ্যমে দেওয়া বার্তায় শিক্ষার্থীদের ‘অবৈধ সমাবেশ’ থেকে দূরে থাকার আহ্বান জানায়। বার্তায় কর্তৃপক্ষ জানায়, ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী দিল্লির যন্তর মন্তরে অনুষ্ঠিত সমাবেশ ও বিক্ষোভ কঠোরভাবে নিয়ন্ত্রিত। তাই কোনো বেআইনি সমাবেশে অংশ নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পারে।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেন রাহুল গান্ধী। তিনি লেখেন, ‘গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য শিক্ষার্থীদের হুমকি দেওয়ার সাহস আপনারা কীভাবে পান?’ তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়কে এ বিষয়ে জবাবদিহি করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রিয় শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যন্তর মন্তরে কোনো বেআইনি সমাবেশ বা বিক্ষোভে অংশ নিলে আইনগত পদক্ষেপের মুখোমুখি হতে হতে পারে।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরো সতর্ক করে জানায়, এ ধরনের ঘটনায় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ পেশাগত জীবনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বার্তায় বলা হয়, ‘এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে তাদের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ পেশাগত সম্ভাবনার ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই সবাইকে আইন মেনে চলা এবং নিজের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

শুধু দিল্লি বিশ্ববিদ্যালয় নয়, গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া এই প্রতিবাদ কর্মসূচির প্রেক্ষিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ও শুক্রবার শিক্ষার্থীদের সতর্ক করেছে।

জেএনইউ কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনকে দায়িত্বশীল আচরণ করতে এবং ব্যক্তিগত নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী জনসমক্ষে বিক্ষোভ ও জমায়েতের ক্ষেত্রে নিয়ম মেনে চলার কথা উল্লেখ করে শিক্ষার্থীদের যন্তর মন্তর বা আশপাশের এলাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়া বা সেখানে না যাওয়ার অনুরোধ জানানো হয়।

সূত্র: এনডিটিভি

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন