দীপকে, সৌরভ ও আশুতোষকে গ্রেপ্তার দেখাল দিল্লি পুলিশ

দীপকে, সৌরভ ও আশুতোষকে গ্রেপ্তার দেখাল দিল্লি পুলিশ
ছবি: সংগৃহীত

ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে গ্রেপ্তার দেখাল দিল্লি পুলিশ। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। সিজেপির আইনি বিষয় যারা দেখাশোনা করেন, তাদের রোববার সকালে দিল্লি পুলিশ এ তথ্য জানায়। রোববার স্থানীয় সময় সকাল ৯টায় তিনজনকে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়েছে। সিজেপির ‘লিগ্যাল টিম’ সেখানে থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির আইনবিষয়ক প্রধান রত্না সিংহ।

ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ এবং ১৭০ ধারায় তিনজনকে সতর্কতামূলক গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবি জানিয়ে শনিবার যন্তর মন্তর অভিযানের ডাক দিয়েছিলেন ককরোচরা। মুম্বাই থেকে তাদের বিমান দিল্লিতে নামতেই তিনজনকে আটক করে পুলিশ। দীপকে, সৌরভ ও আশুতোষকে বিমানের ভেতরে ঢুকে আটক করে নিয়ে যাওয়া হয়। রোববার তাদের গ্রেপ্তার দেখানো হলো। তিন নেতার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে চেয়েছে সিজেপি।

বিজ্ঞাপন

সূত্র: আনন্দবাজার অনলাইন

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন